বিকাশ লিমিটেড তার কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন রোধের (এএমএল অ্যান্ড সিএফটি) বিষয়ে সম্প্রতি দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। এতে সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। ঢাকার গুলশানের লং বিচ হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় বিকাশের ৬৫ জন কর্মকর্তা অংশ নেন।
এম মাহফুজুর রহমান বলেন, এ ধরনের কর্মশালায় অংশগ্রহণকারীদের সন্দেহজনক লেনদেন পর্যবেক্ষণ, চিহ্নিত এবং রিপোর্ট করার ক্ষেত্রে এএমএল অ্যান্ড সিএফটি বাস্তবায়নের গুরুত্ব অনুধাবন করতে সহায়তা করবে।
কামাল কাদীর বলেন, বিকাশ ১০০ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছে, যাঁরা সন্দেহজনক লেনদেন নিয়ে কাজ করছেন।
২০১১ সালে কার্যক্রম শুরু করা বিকাশ দেশের বিশাল জনগোষ্ঠীকে পূর্ণাঙ্গ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ফোনের মাধ্যমে পূর্ণাঙ্গ আর্থিক সেবা প্রদান করছে।