মানিকগঞ্জ বাজার ফরমালিনমুক্ত
মানিকগঞ্জ বাজারকে এবার আনুষ্ঠানিকভাবে ফরমালিনমুক্ত ঘোষণা করল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনকে এ কাজে সহযোগিতা করছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এক্সিম ব্যাংকের অর্থায়নে গতকাল শনিবার ওই বাজার কমিটির কাছে ফরমালিন শনাক্তকারী যন্ত্র সরবরাহ করা হয়েছে। সারা দেশ থেকে বিক্রির জন্য আনা সবজি, ফল ও মাছ এখন থেকে ফরমালিন পরীক্ষা করে এই বাজারে ঢুকতে দেওয়া হবে।খাদ্যে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ শনাক্তকরণে ঢাকা ও ঢাকার বাইরের জেলা শহরের প্রধান কাঁচাবাজারগুলোতে ফরমালিন ডি-হাইড্রেড যন্ত্র স্থাপনের মাধ্যমে ‘ফরমালিনমুক্ত আদর্শ বাজার’ গঠনের উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই। এরই অংশ হিসেবে মানিকগঞ্জ বাজার ফরমালিনমুক্ত করা হলো।মানিকগঞ্জ বাজার ফরমালিনমুক্ত করার কার্যক্রম উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা হাকিম আলী। মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন বক্তব্য দেন।হেলাল উদ্দিন বলেন, যুগোপযোগী আইন প্রণয়ন, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, সুষ্ঠু প্রয়োগ এবং আমদানি ও সরবরাহ নিয়ন্ত্রণ ছাড়া খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানো ও এর অপপ্রয়োগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, এ জেলার যেসব বাজার ফরমালিনমুক্ত ঘোষণা করা হবে, সেসব বাজারে যদি ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্য পাওয়া যায়, তবে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। মানিকগঞ্জের সব বাজার ফরমালিনমুক্ত করা হবে বলে জানান তিনি।অন্যদের মধ্যে মাকিনগঞ্জের মেয়র রমজান আলী ও মানিকগঞ্জ চেম্বারের সভাপতি সুদেব সাহা বক্তব্য দেন।