মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি ইন্ডাস্ট্রিঅলের
পোশাক খাতের শ্রমিক ও শ্রমিকনেতাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ২৩টি শ্রমিক ফেডারেশন নিয়ে গঠিত জোট ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইবিসি এ দাবি জানায়। বিশ্বের ১৪০ দেশের ৫ কোটি শ্রমিকের সমন্বয়ে গঠিত সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক বৈশ্বিক শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত আইবিসি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ।
আইবিসি বলেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে যখন পোশাক খাতে মজুরি বৃদ্ধির প্রাথমিক আলোচনা চলছিল, তখনই পর্দার অন্তরাল থেকে কলকাঠি নেড়ে পোশাকমালিকদের মাধ্যমে তা নস্যাৎ করে দেওয়া হয়। আইবিসির অধিকাংশ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা হয় বিশেষ ক্ষমতা আইনে মামলা। হয়রানিমূলক এ মামলাগুলো প্রত্যাহার করে শ্রমিকদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আইবিসি আরও বলেছে, ‘পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে অনির্দিষ্টকালের জন্য কিছু শ্রমিক সংগঠনের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে চাকরিচ্যুত করা হয়েছে ২ হাজার শ্রমিককে। কার্যালয়গুলো খুলে দিতে হবে এবং শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।’
আইবিসির মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ বলেন, ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নসহ কয়েকটি আন্তর্জাতিক সংগঠন দাবিগুলো পূরণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করলেও রহস্যজনক কারণে নীরব থাকছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বিজিএমইএর এক কর্মকর্তা ফোন করে ভয়ভীতিও দেখাচ্ছেন।
কারখানা মালিকদের ইঙ্গিত করে কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘রিকশায় যাঁরা চলাফেরা করতেন, তাঁরা আজ সম্পদের পাহাড় গড়েছেন। শ্রমিকদের ভুখা রেখে তাঁরা আজ বিদেশে সেকেন্ড হোম করেছেন।’
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার বলেন, ‘যে মামলা শ্রম আদালতে হওয়ার যোগ্য, সেগুলো করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। আর বিজিএমইএ সরকারকে ভুল বোঝাচ্ছে। আমরা চাই সরকার পক্ষ না নিয়ে বরং নিরপেক্ষ আচরণ করুক।’
এত কিছুর পরও নতুন করে ছয়জন শ্রমিকনেতার (স্ত্রী/স্বামীসহ) আয়ের উৎস তদন্তের উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা নিন্দনীয় বলে মনে করে আইবিসি।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক বদরুদ্দোজা নিজাম বলেন, পোশাক খাত টিকে আছে সরকারের পৃষ্ঠপোষকতায়, যা অন্য কোনো দেশের পোশাক খাত পায় না। আর অবৈধভাবে যাঁরা সম্পদের পাহাড় গড়েছেন, তাঁদের আয়ের উৎস না খুঁজে এনবিআর খুঁজছে শ্রমিকনেতাদের আয়ের উৎস। বিষয়টা হাস্যকর বলে মনে করেন তিনি।
আইবিসির সভাপতি আমিনুল ইসলাম আমিন পরবর্তী কর্মসূচি হিসেবে ৫ ফেব্রুয়ারি মানববন্ধনের ঘোষণা দেন।