মামলার অগ্রগতি জানিয়ে বিএসইসির চিঠি

দেশের শেয়ারবাজারে কেলেঙ্কারির ঘটনায় করা মামলাগুলোর অগ্রগতি নিয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রোববার দুপুরে বিএসইসির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মূলধন মার্কেট অধিশাখায় এই তথ্য জানানো হয়।
বিএসইসির ওই চিঠিতে বলা হয়, শেয়ারবাজারে কেলেঙ্কারির ঘটনায় মোট ১৭টি মামলা করা হয়। এর মধ্যে ১৯৯৬ সালের ঘটনায় ১৫টি মামলা হয়। এগুলোর মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১২টি, আপিল বিভাগে একটি ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ছাড়া ২০১০-১১ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ২০১১ সালে মামলা করে কমিশন। এর মধ্যে অভিযুক্ত পাঁচ বিনিয়োগকারীর বিরুদ্ধে গত বছরের ২১ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পৃথক মামলা করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় করা ১৫টি মামলার মধ্যে একটিরও বিচারকাজ এখনো নিষ্পত্তি হয়নি।
তবে পুঁজিবাজারসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সম্প্রতি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (সংশোধন) আইন-২০১২ করা হয়েছে। বর্তমানে ট্রাইব্যুনাল গঠন ও তা পরিচালনার জন্য আইন প্রণয়নের কাজ চলছে।
এ বিষয়ে আজ সোমবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, মামলার বিষয়টি চলমান প্রক্রিয়া। শেয়ারবাজারের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনে বিএসইসি কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও কাজ চলছে বলে জানান তিনি।