মামলার কারণে গ্রামীণ ব্যাংকের সবকিছু বাধাগ্রস্ত: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসই দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে একটি কাঠামোর (সিস্টেম) মধ্যে দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত ‘ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি ২০১৪-১৫’ এবং ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় কৌশল ২০১৫-১৭’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।

দুটি প্রকাশনায় ব্যাংক, বিমা, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাগুলোর কার্যক্রম এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে তিন বছর মেয়াদি ১১টি কৌশল নির্ধারণ

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ, ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থার (এমআরএ) নতুন নির্বাহী ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী উপস্থিত ছিলেন।
দুটি প্রকাশনায় ব্যাংক, বিমা, অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাগুলোর পরিচিতি ও কার্যক্রম এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে তিন বছর মেয়াদি ১১টি কৌশল নির্ধারণ করা হয়েছে।
শুরুতে বিমা খাত ও শেয়ারবাজার নিয়ে কথা বললেও এরপর অর্থমন্ত্রীর বক্তব্যে বেশির ভাগ সময়জুড়ে থাকে গ্রামীণ ব্যাংক, ড. মুহাম্মদ ইউনূস ও ক্ষুদ্রঋণের অতীত ইতিহাস প্রসঙ্গ।
এ দেশে ক্ষুদ্রঋণের ইতিহাস শত বছরেরও পুরোনো উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, তখন অবশ্য একেকজন নিজেদের মতো করে করতেন। রিজভী সাহেবও (প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীর বাবা) করতেন। কুমিল্লায় বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান পরে ক্ষুদ্রঋণ কার্যক্রম সামনে নিয়ে আসেন।
মুহিত বলেন, ‘অধ্যাপক ইউনূসই প্রথম বিষয়টিকে একটি কাঠামোর মধ্যে দাঁড় করান। ক্ষুদ্রঋণের প্রাতিষ্ঠানিক রূপও দেন তিনি। দুর্ভাগ্যের বিষয় যে ইউনূস নিজেই পরে প্রতিষ্ঠান হয়ে যান। এ কারণেই তাঁর সঙ্গে আমাদের ঝগড়া।’
মুহিত বলেন, ‘অধ্যাপক ইউনূসের তৈরি কাঠামো ঠিক আছে। আমরাও মেনে নিয়েছি। কিন্তু এটাকে আরও উন্নত করতে হবে। তাঁর (ইউনূস) কারণে সেটা করা যাচ্ছে না।’ তাঁর দিক থেকে মামলার কারণে গ্রামীণ ব্যাংকের সবকিছু বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
শেয়ারবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি অনেক সময়ই বলেছি, এটা ফাটকা বাজার ছিল। ফাটকা বাজারই ছিল। এখন তা নয়। এটাকে ‘মানুষ’ করতে চার-পাঁচ বছর সময় লেগেছে। ২০১০ সালে বাজারে একটা ভূমিকম্প হয়েছিল। এরপর বড় ধরনের সংস্কার হয়। বাজার এখন বিনিয়োগ উপযোগী হয়েছে।
মুহিত বলেন, শেয়ারবাজারে দাম ওঠা-নামা করবেই। এটাই স্বাভাবিক। কিন্তু এখানকার প্রবণতা এমন যে দাম যেন শুধু বাড়বেই। কমলেই মনে করা হয় পতন।
বিমা খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ খাতে ভয়ংকর দুর্নীতি-অনিয়ম। এ খাত নিয়ে আগে কোনো কাজ হয়নি। বলা যায়, আর্থিক খাতের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল বিমা খাত। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নতুন সংস্থা—মাত্র ২০১১ সালে গঠিত। সংস্থাটি বর্তমানে বিমা খাতের দেখভাল করছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থসচিব মাহবুব আহমেদ, রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকসহ সাধারণ বীমা করপোরেশন, জীবন বীমা করপোরেশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।