মামলার চেয়ে সোলেমূলে নিষ্পত্তিতে বেশি আগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে মামলা করার চেয়ে সোলেমূলে নিষ্পত্তিতেই বেশি আগ্রহী বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সংস্থাটি কখনোই মামলা দায়েরকে উৎসাহিত করে না। বরং প্রতিবছর হিসাব শেষ হওয়ার মাস জুনের আগে মামলা সোলেমূলে অর্থাৎ আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির জন্য গ্রাহকদের বিশেষ সুযোগ দিয়ে থাকে। এভাবে প্রতিবছর জুন মাসে মামলাধীন শ্রেণীকৃত ঋণগুলো মামলাবিহীন অশ্রেণীকৃত ঋণে পরিণত করা হয়।২০১০-১১ অর্থবছরে সংস্থাটি ১৬২টি মামলা করে। তবে একই সময়ে আপসে ঋণের বকেয়া আদায়ের বিষয় নিষ্পত্তি করা হয় ৪৬৫টি। বিএইচবিএফসি কর্তৃপক্ষ সম্প্রতি এসব তথ্য জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে। কয়েক মাস আগে সার্বিক পরিস্থিতি জানতে চেয়ে সংস্থাটিকে চিঠি পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়। প্রতিবেদনটির ওপর ভিত্তি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে উপস্থাপনের জন্য একটি সারসংক্ষেপ তৈরি করবে বলে জানা গেছে।প্রতিবেদনমতে, প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত সংস্থাটির মোট মামলা এক হাজার ৪০৫টি। এসব মামলার বিপরীতে দাবিকৃত টাকার পরিমাণ ২৯৩ কোটি টাকা। তবে মামলার পরিমাণ দিন দিন কমছে। কমে আসছে সংস্থাটির খেলাপি ঋণের পরিমাণও। অন্যদিকে, বাড়ছে সংস্থাটির মুনাফা।২০০৯-১০ অর্থবছরে খেলাপি ঋণের হার ছিল ১৪ দশমিক ৮২ শতাংশ। ২০১০-১১ অর্থবছরে তা কমে হয়েছে ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ। ২০০৯-১০ অর্থবছরে মুনাফার পরিমাণ ছিল ১০৮ কোটি টাকা। আর ২০১০-১১ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ কোটি টাকা।বিএইচবিএফসির প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মহানগর ছাড়াও দেশের সব বিভাগীয় ও জেলা-উপজেলা সদর এবং সম্ভাবনাময় বাণিজ্যিক এলাকায় সরল সুদে ঋণ দিয়ে থাকে সংস্থাটি এবং কখনোই সুদের ওপর সুদ আরোপ করে না। মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ঋণ পরিশোধের সময়সীমা ২০ বছর এবং ফ্ল্যাট ঋণের ক্ষেত্রে তা পাঁচ থেকে ২০ বছর।ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ঋণের সুদের হার ১২ শতাংশ হলেও দেশের অন্য এলাকার জন্য তা ১০ শতাংশ। তবে বাড়ি নির্মাণের জন্য ঋণ নিতে গেলে নিষ্কণ্টক জমির মালিকানা থাকতে হয়।প্রতিবেদনমতে, প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১০-১১ অর্থবছর পর্যন্ত করপোরেশন মোট ৭১ হাজার ৬৯৬ জন গ্রহীতাকে চার হাজার ৩২৯ কোটি ২৪ লাখ টাকা ঋণ মঞ্জুর করেছে। এর মধ্যে তিন হাজার ৮০৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে এবং এতে এক লাখ ৭১ হাজার ৮৮৪টি হাউজিং ইউনিট নির্মিত হয়েছে।ঢাকা ও চট্টগ্রাম এলাকায় ১৮ কিস্তি বা পাঁচ লাখ টাকার বেশি এবং অন্য এলাকায় ২৪ কিস্তি বা তিন লাখ টাকার বেশি বকেয়া হলেই মামলা করা হয়। তবে তা করা হয় গ্রহীতাকে আগে তাগিদপত্র, চূড়ান্তপত্র, আইনগত নোটিশ দেওয়াসহ বারবার ব্যক্তিগত যোগাযোগ করে ব্যর্থ হওয়ার পর।করপোরেশন কখনোই নিজে কোনো গ্রহীতাকে বাড়ি থেকে উচ্ছেদ করে না বলে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে। ঋণ পরিশোধে ব্যর্থদের জন্য ঋণ পুনঃ তফসিলীকরণের সুযোগ দেওয়ার কথাও মন্ত্রণালয়কে জানিয়েছে বিএইচবিএফসি।এদিকে, গ্রাহকদের অধিকতর ঋণ দিতে মূলধনকাঠামো বাড়াতে চাইছে বিএইচবিএফসি। অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে সংস্থাটি আবেদন করেছে। বর্তমানে অনুমোদিত ও পরিশোধিত মূলধন একই সমান অর্থাৎ ১১০ কোটি টাকা। তবে অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬০০ কোটি টাকা করার জন্য প্রস্তাব অর্থ মন্ত্রণালয় যাচাই করে দেখছে।যোগাযোগ করা হলে বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, গ্রাহকসেবা বাড়ানো, দ্রুত ঋণ মঞ্জুর ও খেলাপি ঋণ আদায়ে তিনি বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। বিএইচবিএফসিতে এসে নানাভাবে হয়রানির শিকার হতে হয়, সংস্থাটিকে এমন নেতিবাচক ভাবমূর্তি থেকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন তিনি।