মারাত্মক আর্থিক সংকটে যশোরের দুই পাটকল

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে অবস্থিত রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলসের গুদামে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের চার হাজার ৩০০ মেট্রিক টন পাটজাত পণ্য অবিক্রীত পড়ে আছে। ক্রেতা দেশগুলো পাটজাত পণ্য না কেনায় এ অবস্থা হয়েছে। এতে পাটকল দুটিতে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে।
কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই পাটকল দুটির রাতের পালার কাজ বন্ধ করা হয়েছে। বদলি শ্রমিকদেরও কোনো কাজ দেওয়া হচ্ছে না। এদিকে অবসরপ্রাপ্ত ৩৮৮ জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) ও গ্র্যাচুইটির ৫৫ কোটি টাকা পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। বর্তমান শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠান দুটি। জেজেআইতে শ্রমিকদের দুই সপ্তাহের এবং কার্পেটিং জুট মিলসে এক সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে।
নতুন করে পাটের অভাবে পাটকল দুটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। পাটের মৌসুম শেষ হতে চললেও অর্থের বরাদ্দ না থাকায় সস্তা ও ভালো মানের পাটও কেনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় ইতিপূর্বে উৎপাদিত পাটজাত পণ্যের মানও নষ্ট হচ্ছে বলে জানা যায়।
বাংলাদেশের এসব পাটজাত পণ্যের বড় ক্রেতা দেশ হলো সিরিয়া, ইরান, জর্ডান, ইরাক, লিবিয়া ও ভারত। কিন্তু অভ্যন্তরীণ সমস্যা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ২০১১ সালের জুন মাস থেকে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানি করা বন্ধ রেখেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াও কিছু পাটজাত পণ্য বাংলাদেশ থেকে আমদানি করে থাকে। কিন্তু এর অধিকাংশ দেশই বাংলাদেশ থেকে পাটজাত পণ্য কিনছে না। শুধু ভারত কিছু পাটজাত পণ্য কিনছে। আর শ্রীলঙ্কা ও দক্ষিণ কোরিয়া সীমিত আকারে কিছু পাটজাত পণ্য কিনছে।
জানা যায়, যশোর জুট ইন্ডাস্ট্রিজে প্রতিদিন ২৫ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে এখন উৎপাদিত হচ্ছে গড়ে প্রায় ১২ থেকে ১৩ মেট্রিক টন পাটপণ্য। রপ্তানি না হওয়ায় পাটকলটির গুদামে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের তিন হাজার ৭০০ মেট্রিক টন পাটজাত পণ্য পড়ে আছে। গুদামে সংকুলান না হওয়ায় পাটকলটির কারখানার অভ্যন্তরেও পাটজাত পণ্য রাখা হয়েছে। মিলটিতে এক হাজার ৪৫৯ জন স্থায়ী শ্রমিক, এক হাজার ১০০ জন অস্থায়ী শ্রমিক এবং ১৭৪ জন কর্মকর্তা-কর্মচারীর মাসিক বেতন ও মজুরি বাবদ ব্যয় এক কোটি ৯০ লাখ টাকা।
আবার পাটকলটির ১৩৬ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের পিএফের ৩৪ কোটি টাকা এবং ১৫৫ জন অবসরপ্রাপ্ত শ্রমিকের গ্র্যাচুইটির ১৪ কোটি টাকা বকেয়া রয়েছে।
জানতে চাইলে যশোর জুট ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক প্রথম আলোকে বলেন, ‘অর্থ না থাকায় এবার নতুন পাটও কেনা যাচ্ছে না। উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। পাট কিনতে বিজেএমসি এখন পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ দেয়নি।
কার্পেটিং জুট মিলসে দৈনিক ৯ দশমিক ৩৫ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হচ্ছে গড়ে ৯ মেট্রিক টন পাটজাত পণ্য। মিলের গুদামে বর্তমানে প্রায় চার কোটি টাকা মূল্যের ৬০০ মেট্রিক টন পাটজাত পণ্য অবিক্রীত অবস্থায় রয়েছে।
মিলটিতে ৪৮৫ জন স্থায়ী, ৪৪৮ জন অস্থায়ী শ্রমিক এবং ১১৪ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এঁদের বেতন ও মজুরি বাবদ মাসে প্রায় ৮৬ লাখ টাকা ব্যয় হয়। বর্তমানে শ্রমিকদের এক সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। আবার অবসরপ্রাপ্ত শ্রমিকদের পিএফ ও গ্র্যাচুইটি মিলে প্রায় সাত কোটি টাকা বকেয়া রয়েছে।
কার্পেটিং জুট মিলসের উপমহাব্যবস্থাপক মারুফ হোসেন এ প্রতিবেদককে বলেন, উৎপাদিত পাটজাত দ্রব্য বিক্রি না হওয়ায় সংকট দেখা দিয়েছে।