মার্কিন ডলারের দাপটে নাকাল ভারতীয় রুপি
বেশ কিছুদিন ধরে মুদ্রাবাজারে মার্কিন ডলারের শক্তিমত্তার কাছে মার খাচ্ছে ভারতীয় রুপি। ব্যাংকগুলো ও আমদানিকারকদের কাছে ডলারের প্রচুর চাহিদা থাকায় এবং বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) ব্যাপক হারে ডলার নিয়ে যাওয়ায় রুপি অনেকটা নাকাল দশায় পড়েছে।
ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতনের মুখে পড়ার পরিস্থিতিতে ভারতে আবারও পেট্রলের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে চলতি জুন মাসে তৃতীয়বারের মতো পেট্রলের দাম বাড়ানো হলো। এবার লিটারপ্রতি ১ দশমিক ৮২ রুপি বাড়ানো হয়েছে।
গত সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে এযাবৎকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রতি ডলারের বিপরীতে তা ৬০ দশমিক ৭৭ রুপিতে নেমে গেছে।
পেট্রলের দাম বেড়েছে: আমাদের কলকাতা প্রতিনিধি জানান, নতুনভাবে পেট্রলের দাম বাড়ানোর ফলে পণ্যটির লিটারপ্রতি দাম কলকাতায় ৭৬ দশকি ১০ রুপি, দিল্লিতে ৬৮ দশমিক ৫৮, মুম্বাইয়ে ৭৬ দশমিক ৯০ ও চেন্নাইয়ে ৭১ দশমিক ৭১ রুপিতে দাঁড়িয়েছে। চলতি মাসে এর আগে পেট্রলের লিটারপ্রতি দাম ১ জুন ৭৫ পয়সা ও ১৫ জুন ২ রুপি বাড়িয়েছিল।