মার্কিন ডলারের বিপরীতে পাউন্ড ও ইউরোর দর ১৭ মাসে সর্বোচ্চ
স্থানীয় আন্তব্যাংক মুদ্রাবাজারে সরাসরি কেনাবেচায় বাংলাদেশি টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বাড়ার প্রবণতা গত সপ্তাহেও অব্যাহত ছিল। সপ্তাহের শুরুতে প্রতি ডলার সর্বোচ্চ ৭২ টাকা ৮৫ পয়সায় কেনাবেচা হয়। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে প্রতি ডলার সর্বোচ্চ ৭২ টাকা ৯৮ পয়সায় লেনদেন হয়। এদিকে আন্তর্জাতিক মুদ্রাবাজারে গত সপ্তাহে (২৩ থেকে ২৮ এপ্রিল) প্রধান মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন ডলার চাপের মধ্যে ছিল। যুক্তরাষ্ট্র সরকারের অপরিবর্তিত মুদ্রানীতি ও উচ্চ বাজেট ঘাটতির কারণে সপ্তাহজুড়েই তাদের মুদ্রাটি চাপের মধ্যে থাকে। এর মধ্যে সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার প্রতি ইউরো ১ দশমিক ৪৫৭৯ ডলারে উঠে যায়। মঙ্গলবারে এই হার অবশ্য কিছুটা কমে, কিন্তু পরে তা আবার বাড়ে। বুধবার বহুল আলোচিত মার্কিন মুদ্রানীতি প্রকাশিত হয় এবং বাজারের প্রত্যাশা অনুযায়ী সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সভাপতি জানান যে দীর্ঘ সময়ের জন্য সুদের হার নমনীয় রাখা হবে। এতে ডলারের ব্যাপক দরপতন ঘটে। বৃহস্পতিবারে প্রতি ইউরোর বিনিময় হার ১ দশমিক ৪৮৮৯ ডলার ছাড়িয়ে যায়, যা ছিল বিগত ১৭ মাসের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর সর্বোচ্চ অবস্থান।ব্রিটিশ পাউন্ড স্টার্লিং সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে কিছুটা নড়বড়ে অবস্থায় থাকলেও পরে তেজি হয়ে ওঠে। বুধবারে প্রতি পাউন্ডের বিনিময় হার বেড়ে ১ দশমিক ৬৫৩২ ডলারে দাঁড়ায়। যুক্তরাজ্যের প্রবৃদ্ধিসংক্রান্ত তথ্য প্রকাশই এর মূল কারণ ছিল বলে বিশ্লেষকেরা মনে করেন।ইউরোপের একক মুদ্রা ইউরোর মতো ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দরও বৃহস্পতিবারে মার্কিন ডলারের বিপরীতে অধিকতর শক্তিশালী হয়ে গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে গিয়ে ঠেকে। এদিন প্রতি পাউন্ড ১ দশমিক ৬৭৪৫ ডলারে কেনাবেচা হয়।যা-ই হোক, সপ্তাহ শেষে অর্থাৎ বৃহস্পতিবারে প্রতি ডলার শূন্য দশমিক ৮৭৪৪ সুইস ফ্রাঁতে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬৬৪০ ডলারে এবং প্রতি ডলার ৮১ দশমিক ৭৯ ইয়েনের কাছাকাছি দরে কেনাবেচা হয়। এর আগের সপ্তাহ শেষে প্রতি ডলার শূন্য দশমিক ৮৯ সুইস ফ্রাঁতে, প্রতি পাউন্ড স্টার্লিং ১ দশমিক ৬৫ ডলারে এবং প্রতি ডলার ৮১ দশমিক ৮৩ ইয়েনের কাছাকাছি লেনদেন হয়। এদিকে স্থানীয় মুদ্রাবাজারে আলোচ্য সপ্তাহে বাংলাদেশ ব্যাংক কর্তৃক তারল্য জোগান ও রেপো রেট বাড়ানোর ফলে কলমানির (ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরস্পরের কাছ থেকে স্বল্প মেয়াদে নেওয়া কর্জ) সুদের হার গত সপ্তাহে কিছুটা কমে আসে। সপ্তাহের শুরুতে ৯ থেকে ১২ শতাংশ সুদে বেশির ভাগ লেনদেন হয়। সপ্তাহের শেষভাগে বেশির ভাগ লেনদেন শতকরা ৫ থেকে ৬ শতাংশ সুদে সংঘটিত হয়। তবে ৪ শতাংশ সুদেও কিছু লেনদেন হতে দেখা যায়। সূত্র: সিটিব্যাংক এনএ, বাংলাদেশ।