মার্কিন পণ্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪ তম ইউএস ট্রেড শো উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সাহাদাত পারভেজ
২৪ তম ইউএস ট্রেড শো উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সাহাদাত পারভেজ

রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মার্কিন পণ্যের প্রদর্শনী ‘২৪ তম ইউএস ট্রেড শো’। যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচ্যাম) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মার্কিন দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি অর্থবছরে সাত বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।’ ভবিষ্যতে এ দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে বলে আশা করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যামচ্যামের সভাপতি নুরুল ইসলাম, এশিয়া-প্যাসিফিক কাউন্সিল অব আমেরিকান চেম্বার্সের চেয়ারম্যান জ্যাকসন কক্স প্রমুখ।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ৪০টি প্রতিষ্ঠানের ৬৪টি বুথ রয়েছে। তিনদিনের এ প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। তবে স্কুলের নির্ধারিত পোশাকে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে। ক্রেতা-দর্শনার্থী আকর্ষণে র‍্যাফেল ড্রর আয়োজনও রাখা হয়েছে এবারের প্রদর্শনীতে। এতে প্রথম পুরস্কার থাকছে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমানের টিকেট, দ্বিতীয় পুরস্কার থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা ও তৃতীয় পুরস্কার থাকছে দুইজনের ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের টিকিট। 

বোয়িং, পেপসি, কোকা-কোলা, ফোর্ড, মেটলাইফ, মাস্টারকার্ড, ডেল, শেভরন, মাইক্রোসফট, এইচপি, থ্রিএমের মতো মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠানের স্টল রয়েছে প্রদর্শনীতে।