মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানিতে পতন

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। অন্তত চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান সেটাই বলছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের হালনাগাদ পরিসংখ্যান দেখায়, চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়কালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র
মোট ৩২২ কোটি ৮৮ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আর ২০১৩ সালের প্রথম সাত মাসে এই আমদানির পরিমাণ ছিল ৩২৪ কোটি ৪১ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের আমদানি মানে বাংলাদেশের রপ্তানি ধরে নিয়ে বিশ্লেষণ করলে বলা যায়, চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমেছে দশমিক ৪৭ শতাংশ । অঙ্কের হিসাবে এটি নগণ্য হিসেবে গণ্য করা গেলেও নিম্নমুখী প্রবণতাটি কিছুটা উদ্বেগজনক বলে প্রতীয়মান হয়। পরিসংখ্যান বিশ্লেষণে আরও দেখা যায় যে চলতি বছরের প্রথম সাত মাসের মধ্যে শুধু জানুয়ারি ও জুলাই মাসে ৫০ কোটি ডলারের বেশি করে রপ্তানি হয়েছে। বাকি মাসগুলোয় বাংলাদেশি পণ্য রপ্তানি হয়েছে ৫০ কোটি ডলারের নিচে।
বাংলাদেশের জন্য বিশেষ বাজার সুবিধা (জিএসপি) গত বছর ১ জুলাই থেকে স্থগিত ঘোষিত হয় যা গত বছর ১ সেপ্টেস্বর থেকে কার্যকর হয়। সে হিসেবে এ বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা না থাকার এক বছর পূর্ণ হয়েছে। এর জের ধরেই এই রপ্তানি কমেছে বলে মনে করা হচ্ছে।
অবশ্য বাংলাদেশের মোট রপ্তানির ১ শতাংশেরও কম হলো জিএসপি সুবিধাভোগী। গত বছর মোট রপ্তানির মাত্র দশমিক ৪১ শতাংশ জিএসপির আওতায় রপ্তানি হয়েছে। আবার জিএসপিভুক্ত পণ্যের মধ্যে দুটি ভাগ হচ্ছে। শুধু স্বল্পোন্নত দেশের কিছু পণ্য যে জিএসপি সুবিধা পায়, বাংলাদেশ থেকে সেগুলোর রপ্তানি গত বছর কমেছিল ৫৮ দশমিক ৩ শতাংশ। এর অর্থমূল্য মাত্র ৪০ লাখ ডলার যা ২০১২ সালে ছিল এক কোটি ডলার। আবার এসব পণ্য বাদ দিয়ে সার্বিক জিএসপি সুবিধাভোগী পণ্যে বাংলাদেশ থেকে রপ্তানি কমেছিল ৩০ শতাংশ। গত বছর যার অর্থমূল্য ছিল এক কোটি ১৭ লাখ ডলার। আর তার আগের বছর রপ্তানি হয়েছিল দুই কোটি ৩৫ লাখ ডলারের।
সার্বিকভাবে ২০১২ সালে জিএসপিভুক্ত পণ্য রপ্তানি থেকে বাংলাদেশের আয় হয়েছিল তিন কোটি ৪৬ লাখ ডলার। আর ২০১৩ সালে তা নেমে এসেছে দুই কোটি ১৫ লাখ ডলারে। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ৩৮ শতাংশ। আর চলতি বছর কোনো পণ্যই জিএসপির আওতায় রপ্তানি হয়নি। বাংলাদেশের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পাচ্ছিল, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্লাস্টিক, সিরামিক, গলফ খেলার উপকরণ, কার্পেট, চশমা, পতাকা, চুরুট ইত্যাদি।
যুক্তরাষ্ট্রে প্রভাব: জিএসপি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও পুরোনো বাজার সুবিধাব্যবস্থা যা ১৯৭৪ সালে প্রবর্তন করা হয়। মোট ১২২টি দেশ ও ভূখণ্ডের তিন হাজার ২৯১টি ধরনের পণ্য এই সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কছাড় সুবিধা পেত। গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্র সরকার পুরো জিএসপি কর্মসূচিই স্থগিত করে। তবে বাংলাদেশের জন্য স্থগিতাদেশটি অনেক বেশি প্রচারণায় চলে আসে। মূলত গত বছর এপ্রিল মাসে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পর বিশ্বব্যাপী নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পোশাক ক্রেতাদের ওপরও চাপ তৈরি করা হয় শ্রমিক অধিকার রক্ষায় ব্যবস্থা গ্রহণের। উন্নত দেশগুলোর সরকারও সক্রিয় হয়ে ওঠে। বলা যায়, এর জের ধরেই যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে দেওয়া অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপি স্থগিত করে। গত বছর জুন মাসেই জিএসপি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। আর ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে জিএসপি স্থগিত হয়ে যায়।
তবে বৈশ্বিক জিএসপি স্থগিত করার বা নবায়ন না করার বিষয়টি যুক্তরাষ্ট্রেই সমালোচনার মুখে পড়েছে। ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ওয়ার্ক ফাউন্ডেশনের প্রগেসিভ ইকোনমি নামে একটি প্রকল্প আছে। এর আওতায় প্রতি সপ্তাহে প্রকাশিত হয় ট্রেড ফ্যাক্ট অব দ্য উইক। যুক্তরাষ্ট্রের জিএসপি কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করার এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যে ট্রেড ফ্যাক্ট প্রকাশিত হয়েছে, তাতে বিষয়টি অভিহিত করা হয়েছে ‘অপরিকল্পিত শুল্ক বৃদ্ধি’ হিসেবে। এ প্রসঙ্গটি বিশ্লেষণ করে বলা হয়েছে, জিএসপি নবায়ন না করায় ছোট উন্নয়নশীল দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে, বেড়েছে চীন থেকে আমদানি।
এতে আরও বলা হয়েছে, ২০১২ সাল পর্যন্ত জিএসপি সুবিধার আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য সংঘটিত হতো মধ্যপ্রাচ্য, বলকান ও ককেশাস অঞ্চলের দেশগুলোয়। জিএসপির আওতায় শুল্কছাড় নিয়ে আরমেনিয়া থেকে মোট আমদানির ৯১ শতাংশ, জর্জিয়ার ৫৫ শতাংশ, লেবাননের ৫০ শতাংশ, আলবেনিয়ার ২৬ শতাংশ এবং তিউনিসিয়া ও পশ্চিম তীরের ২১ শতাংশ সম্পন্ন হতো। অবশ্য ডলারের অঙ্কে জিএসপির আওতায় সবচেয়ে বেশি রপ্তানি করত ভারত, থাইল্যান্ড, ব্রাজিল, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও তুরস্ক। এই দেশগুলো কিছু পণ্যে জিএসপির আওতায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করত।
আবার জিএসপির আওতায় যুক্তরাষ্ট্র যেসব পণ্য কম খরচে আমদানি করতে পারত, সেগুলোর মধ্যে অন্যতম হলো: মাইক্রোওয়েভ ওভেন, গাড়ির যন্ত্রাংশ, হিমায়িত খাদ্য, গাড়ির চাকা, পেয়ারার জুস ইত্যাদি। সাধারণত শুল্ক ছাড় পেয়ে ১ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত শুল্ক দিয়ে বিভিন্ন দেশের মোট তিন হাজার ২৯১টি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করত। এখন জিএসপি নবায়ন না হওয়ায় এসব পণ্যের ওপর নিয়মিত হারে শুল্ক বসে গেছে। ফলে যুক্তরাষ্ট্রে এসব পণ্যের আমদানি ব্যয় বেড়ে যায়। কিন্তু চীন, জাপান ও ইউরোপের দেশগুলো থেকে আমদানি হওয়া পণ্যের শুল্কহার অপরিবর্তিত থাকে। ফলে তুলনামূলকভাবে এসব পণ্য সাশ্রয়ী হয়ে গেছে।
ট্রেড ফ্যাক্ট প্রতিবেদনে জিএসপির আওতায় সবচেয়ে বেশি আমদানি হতো এমন ২৫০টি পণ্যের তিন বছরের আমদানিপ্রবণতা বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। তাতে দেখা গেছে, এই ২৫০টি পণ্যই দেশটিতে জিএসপিভুক্ত পণ্য আমদানির ৭৫ শতাংশ অধিকার করে আছে। ২০১২ সালের এই ২৫০টি পণ্যের আমদানি ব্যয় ছিল ১৯ হাজার ২০০ কোটি ডলার যা ২০১৩ সালে বেড়ে হয় ১৯ হাজার ৭০০ কোটি ডলার। আর এ বছর তা ২০ হাজার ৫০০ কোটি ডলার হতে পারে। অন্যদিকে ২০১২ সালে জিএসপি সুবিধাভোগী দেশগুলো আমেরিকায় এই ২৫০টি পণ্য আমদানির ১১ দশমিক ২ শতাংশ জোগান দিত যা ২০১১ ও ২০১০ সালে ছিল ১১ দশমিক ১ শতাংশ। ২০১৩ সালের মাঝপথে জিএসপি স্থগিত হয়ে যাওয়ার পর বছর শেষে মোট হিস্যা ১০ দশমিক ৫ শতাংশে নেমেছে। আবার এই ২৫০টি পণ্যের মোট আমদানির ২২ দশমিক ১ শতাংশ ২০১২ সালে এসেছে চীন থেকে। কিন্তু ২০১৩ সালে তা বেড়ে হয়েছে ২৩ দশমিক ৭ শতাংশ।
প্রগেসিভ ইকোনমির বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিবর্তিত শুল্কনীতির পরীক্ষার ফল হলো: জিএসপি উঠে গিয়ে চীন সুবিধা পেয়েছে ও উন্নয়নশীল দেশগুলো পিছিয়ে পড়েছে।
বাংলাদেশ: বাংলাদেশও এই পিছিয়ে পড়ার তালিকায় আছে। যেমন জিএসপি সুবিধা পেয়ে বাজার বাড়াচ্ছিল প্লাস্টিক ও সিরামিক পণ্য। এই সুবিধা স্থগিত হওয়ায় এই খাত দু’টি বেকায়দায় পড়েছে। রপ্তানিকারকেরা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে তাদের পণ্য রপ্তানি ব্যয় ২০ শতাংশের মতো বেড়ে গেছে। আর এই ব্যয় পুষিয়ে নেওয়াটা সহজসাধ্য নয়। যেমন, ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে প্লাস্টিক পণ্য রপ্তানি কমেছে প্রায় সাড়ে ১৮ শতাংশ। আবার একই সময়ে সিরামিক রপ্তানি কমেছে ৩৩ শতাংশ। গলফ খেলার সামগ্রী বাংলাদেশ রপ্তানি করতো জিএসপির আওতায়। ২০১৩ সালের প্রথম সাত মাসে ৩৭ লাখ ৪৯ হাজার ডলারের গলফ সামগ্রী রপ্তানি হলেও চলতি বছরের প্রথম সাত মাসে তা ৩৪ শতাংশ কমে হয়েছে ২৪ লাখ ৪৬ হাজার ডলার।
যোগাযোগ করা হলে বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন গতকাল টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘যেসব পণ্য জিএসপির আওতায় রপ্তানি হতো, সেগুলোর ওপর জিএসপি স্থগিত হওয়ায় তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে মনে হয়।’ এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় বিস্তারিত কোনো পর্যালোচনা করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, একটি পর্যালোচনা করা হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রে জিএসপি স্থগিত হওয়ার সার্বিক দিক বিশ্লেষণ করা হয়েছে।’