মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি গত বছর ৩৩ শতাংশ বেড়েছে
গত বছর যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এর আগের বছরের (২০০৯) তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। এটি ২০০০ সালের পর শতকরা হারে বাণিজ্য-ঘাটতির সর্বোচ্চ বৃদ্ধি।এর ফলে ২০১০ সালে দেশটির বার্ষিক বাণিজ্য-ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৮০ কোটি ডলারে। আর ২০০৯ সালে এর পরিমাণ ছিল ৩৭ হাজার ৪৯০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ এ তথ্য প্রকাশ করেছে।এতে দেখা যায়, ২০১০ সালে চীন থেকে পণ্য ও সেবা আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৯০ কোটি ডলার। চীনের সঙ্গে বাণিজ্য-ঘাটতি বেড়ে হয়েছে ২৭ হাজার ৩১০ কোটি ডলার, যা এ-যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।গত বছর যুক্তরাষ্ট্র চীনে মাত্র নয় হাজার ১৯০ কোটি ডলারের পণ্য-সেবা রপ্তানি করেছে বলেও পরিসংখ্যান থেকে দেখা যায়।চীন থেকে আমদানি বৃদ্ধি পাওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া আমেরিকার বাণিজ্য-ঘাটতি বাড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ২০০৯ সালে যেখানে জ্বালানি তেল আমদানির জন্য আমেরিকার ব্যারেলপ্রতি বছরে গড়ে ৫৭ ডলার ব্যয় করতে হয়েছে, সেখানে ২০১০ সালে এই ব্যয় দাঁড়িয়েছে সাড়ে ৭৪ ডলার।২০১০ সালে আমেরিকার পণ্য ও সেবা-বাণিজ্য আমদানির পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৩৩ হাজার কোটি ডলার। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ড জোরালো হতে আরম্ভ করায় অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও আমদানি বাড়ানোর অন্যতম কারণ বলে বিশ্লেষকেরা মন্তব্য করেছেন। আমদানি-ব্যয় বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৭০ শতাংশে।পাশাপাশি রপ্তানি আয়ও আগের বছরের তুলনায় সাড়ে ১৬ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের রপ্তানি আয় হয়েছে এক লাখ ৮৩ হাজার কোটি ডলার।অবশ্য বাণিজ্য-ঘাটতি বেড়ে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রের জন্য একটি স্বস্তির বিষয় আছে। তা হলো ২০০৮ সালের তুলনায় ঘাটতি অনেক কম রয়েছে। ২০০৮ সালে ঘাটতির পরিমাণ ছিল ৬৯ হাজার ৮৮০ কোটি ডলার। সূত্র: বিবিসি