মার্কেট সার্ভিল্যান্স গাইডলাইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসইসি
বিএসইসি

শেয়ারবাজারের কারসাজি রোধে মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম বাস্তবায়ন-সংক্রান্ত গাইডলাইন অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজকের সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন মার্কেট সার্ভিল্যান্স সিস্টেম বাস্তবায়ন-সংক্রান্ত গাইডলাইন অনুমোদন দেওয়া হয়েছে।’ তবে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
বিএসইসি সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর আইনবহির্ভূত লেনদেন নিয়ন্ত্রণ এবং পুঁজিবাজারে নজরদারি নিশ্চিত করতে বিএসইসি নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার স্থাপন করে। ওই দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার উদ্বোধন করেন।
এদিকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে মেয়াদি ফান্ড (ক্লোজ-এন্ড) থেকে বেমেয়াদি ফান্ডে (ওপেন-এন্ড) রূপান্তরের নির্দেশ দিয়েছে কমিশন। এ ছাড়াও মেয়াদি ফান্ড থেকে বেমেয়াদি ফান্ডে রূপান্তরের প্রক্রিয়া-সম্পর্কিত একটি নীতিমালা শিগগিরই প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয় আজকের সভায়।