মার্কেন্টাইল ব্যাংক থেকে পর্যবেক্ষক প্রত্যাহার
আর্থিক সূচকসহ সুশাসনে উন্নতি হওয়ায় মার্কেন্টাইল ব্যাংক থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত রোববার বিকেলে এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক মার্কেন্টাইল ব্যাংককে পর্যবেক্ষক প্রত্যাহারের বিষয়টি জানায়।
ব্যবস্থাপনায় সুশাসনের অবনতি হওয়ায় মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে ২০১৪ সালের ৫ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক পর্যবেক্ষক হিসেবে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও অডিট কমিটির বৈঠকে উপস্থিত থেকে পরিচালনার ক্ষেত্রে দিকনির্দেশনা দিতেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত দুই বছরে ব্যাংক সুশাসনের উন্নতি ঘটায় ব্যাংকটিতে আর পর্যবেক্ষকের প্রয়োজন নেই।
এ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘সব সূচকে উন্নতি হওয়ায় আমাদের ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার আমরা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছি।’
জানা গেছে, এর আগে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এস আহসান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পর্যবেক্ষক প্রত্যাহারের আবেদন জানান। ওই আবেদনে আর্থিক সূচকের উন্নতি ঘটেছে বলে জানানো হয়। পর্যবেক্ষক থাকায় ব্যাংক পরিচালনায় নেতিবাচক প্রভাব পড়ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।