মার্কেন্টাইল ব্যাংক ১১ গুণীজনকে সম্মাননা দিয়েছে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এক যুগপূর্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১১ গুণী ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা দেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। ব্যাংকের চেয়ারম্যান সাংসদ মো. আব্দুল জলিল অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের প্রত্যেককে একটি ক্রেস্ট, একটি স্বর্ণপদক ও এক লাখ টাকার চেক তুলে দেন।মার্কেন্টাইল ব্যাংকের যুগপূর্তির এ অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যেসব গুণীজন বিভিন্ন খাতে অবদানের জন্য মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা-২০১১ পেলেন তাঁরা হলেন: বাংলা ভাষা ও সাহিত্যে মুস্তাফা নূরউল ইসলাম, শিক্ষায় সিরাজুল ইসলাম চৌধুরী, সংস্কৃতিতে মো. রফিকুন নবী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় শাহরিয়ার কবির, অর্থনীতি ও অর্থনীতিবিষয়ক গবেষণায় বিনায়ক সেন, চিকিৎসায় জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মাকসুদুল আলম, শিল্প ও বাণিজ্যে আবদুল্লাহেল বারী, সাংবাদিকতায় কামাল লোহানী, ক্রীড়ায় মুসা ইব্রাহীম এবং মুক্তিযুদ্ধে লে. কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান বীর উত্তম (মরণোত্তর)। বিজ্ঞপ্তি।