আগামী মার্চ বা এপ্রিল মাস থেকে কিছু শিল্পপ্রতিষ্ঠানে আবার নতুন গ্যাসসংযোগ দেওয়া শুরু হবে। ইতিমধ্যে পাঁচ থেকে ছয় কোটি ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা দিয়ে নতুন সংযোগকাজ শুরু করা হবে। দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা নিয়ে বিনিয়োগ বোর্ড আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী গতকাল এ তথ্য জানিয়েছেন।উল্লেখ্য, ২০০৯ সালের জুন মাস থেকে শিল্প খাতে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। জ্বালানিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, পাশাপাশি জাতীয় গ্রিডে গ্যাসের চাপ বাড়াতে আগামী মাসে শেভরনের নতুন একটি চাপযন্ত্র বা কমপ্রেসার চালু করা হবে। তিনি আরও জানান, কাপাসিয়া, শিকাইল ও সুনেত্রে তিনটি নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করতে যাচ্ছে বাপেক্স। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল আলোচনার পরিচালনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা আবদুল জলিল, সাংসদ এম আলী আশরাফ, নিটল গ্রুপের চেয়ারম্যাান আবদুল মাতলুব আহমাদ, সাবেক সচিব সি এম মহসিন ও হারুণ অর রশিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী, সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক প্রমুখ।জ্বালানি উপদেষ্টা আরও বলেন, সরকার শিল্পপ্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাও ভাবছে। নিরবচ্ছিন্ন এই বিদ্যুৎ সরবরাহ পেতে হলে আগ্রহী প্রতিষ্ঠান বা শিল্পোদ্যোক্তাদের সরকারের সঙ্গে চুক্তি করতে হবে। এ জন্য অতিরিক্ত দামও দিতে হবে। চুক্তির পর সরকার বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তার জন্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান থাকবে। উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনীতি ধীরে ধীরে বড় হচ্ছে। এ জন্য কিছু চ্যালেঞ্জ আসছে। আর অর্থনীতিতে কিছু সমস্যা তো আছেই। কিন্তু হতাশ হওয়ার মতো কিছু হয়নি। তবে অনুষ্ঠানের অন্য বক্তারা মূল্যস্ফীতি ও সুশাসনসহ সামগ্রিক বিবেচনায় অর্থনীতিতে নেতিবাচক বিষয়গুলো আলোচনায় তুলে আনেন। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান বলেন, সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণ, উচ্চ মূল্যস্ফীতি ও নিম্ন বিনিয়োগ এখন অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। আবার বিনিয়োগের জন্য অবকাঠামোই প্রধান সমস্যা। বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মির্জা জলিল বলেন, রাষ্ট্রের লোকসানি প্রতিষ্ঠানের কারণে সরকার অনেক উন্নয়নকার্যক্রম করতে পারছে না। আলী আশরাফ বলেন, অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছে, যারা করের আওতায় নেই। তাদের করের আওতায় আনতে হবে। কিন্তু সুশাসনের অভাবে রাজস্ব আয় বাড়ানো যাচ্ছে না।