মার্চ-এপ্রিলে সুতার দাম বৃদ্ধির আশঙ্কা
আগামী মার্চ-এপ্রিলে সুতার দাম বৃদ্ধি পেতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেছেন, ‘তুলা আমদানির জন্য বস্ত্রকলমালিকেরা ঋণপত্র খুলেছেন। তবে সময়মতো তুলা পাওয়া নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। যে পরিমাণ তুলার ঋণপত্র খোলা হয়েছে, তার চেয়ে কম পরিমাণ পাঠাচ্ছে সরবরাহকারীরা। তারা কনটেইনার ও জাহাজসংকট এবং অতিরিক্ত ভাড়ার অজুহাত দিচ্ছে।’
রাজধানীর পান্থপথে বিটিএমএর কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, সময়মতো তুলা না পৌঁছালে বস্ত্রকলে উৎপাদন বন্ধ হয়ে যাবে। তখন চাহিদা বেশি থাকলে সুতার দাম স্বাভাবিকভাবেই বেড়ে যেতে পারে।
বিটিএমএ সভাপতি বলেন, ‘আমরা মূলত আফ্রিকা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করে থাকি। ফিডার জাহাজের সংকট রয়েছে। সে কারণে জাহাজ কোম্পানিগুলো বাংলাদেশের ব্যবসায়ীদের কনটেইনার পরিবহনে আগ্রহ দেখাচ্ছে না। আবার চট্টগ্রাম বন্দরে কনটেইনার খালাসেও বাড়তি সময় লেগে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফিডার জাহাজের কারণে তুলাবাহী কনটেইনার বিভিন্ন বন্দরে পড়ে আছে। এমন ১০০টি অভিযোগ আমাদের কাছে রয়েছে।’
বিকল্প হিসেবে ভারত থেকে তুলা আমদানিতেও নানা সমস্যা হচ্ছে বলে জানালেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ভারতে তুলার উৎপাদন ৪ শতাংশ পর্যন্ত কম হতে পারে। তা ছাড়া ব্যবসায়ীরা বর্তমানে তুলার দাম পাউন্ডপ্রতি ১০ সেন্ট বাড়িয়েছে।
দেশের বস্ত্রকলগুলোতে বর্তমানে সারা বছর ৮০ লাখ বেল তুলার প্রয়োজন হয়। চলতি বছর সেটি বেড়ে ৯০ লাখ বেল হতে পারে। সব মিলিয়ে বর্তমানে স্পিনিং মিলগুলোতে ১ কোটি ৩০ লাখ স্পিন্ডল রয়েছে। আগামী দুই বছরের মধ্যে সেটি দেড় কোটিতে পৌঁছাবে। এসব তথ্য জানিয়ে বিটিএমএ সভাপতি বলেন, তুলার মতো একইভাবে কৃত্রিম তন্তুর আমদানি সহজ করতে হবে। কারণ, আরামদায়ক পোশাকের জন্য কৃত্রিম তন্তুর ব্যবহার বাড়ছে। যতক্ষণ সংযোগশিল্প শক্তিশালী না হবে, ততক্ষণ রপ্তানি আয় বৃদ্ধি করা যাবে না। তাই গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের পাশাপাশি নীতিসহায়তা দাবি করেন তিনি।