চট্টগ্রাম বন্দর দিয়ে গত মার্চ মাসে কনটেইনার পরিবহনে রেকর্ড হয়েছে। কনটেইনারে রোজার আমদানি পণ্য বাড়ার কারণে কনটেইনার পরিবহনের সংখ্যা বাড়ছে বলে বন্দর কর্মকর্তারা জানান।
বন্দরের পরিবহন বিভাগ জানায়, গত মাসে আমদানি-রপ্তানি পণ্যবাহী ও খালি কনটেইনার পরিবহন হয় ২ লাখ ১৮ হাজার ৮৭৮টি (প্রতিটি ২০ ফুট লম্বা কনটেইনার)। এর আগে মাসভিত্তিক সর্বোচ্চ কনটেইনার পরিবহন হয়েছিল গত বছরের নভেম্বরে। ওই মাসে ২ লাখ ১৭ হাজার ৫২৮ একক কনটেইনার পরিবহন হয়েছিল।
বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার প্রথম আলোকে বলেন, মাসভিত্তিক কনটেইনার পরিবহনে এটি নতুন রেকর্ড। এখন প্রতিমাসে গড়ে দুই লাখের বেশি কনটেইনার পরিবহন হচ্ছে।
বন্দর কর্মকর্তারা জানান, তৈরি পোশাক, চামড়াজাত পণ্যসহ রপ্তানি পণ্যের পুরোটাই কনটেইনারে পরিবহন হয়। কনটেইনারে আমদানি পণ্যের মধ্যে রয়েছে শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য ইত্যাদি।