মার্চে অর্থনীতি নিয়ে সংসদে প্রতিবেদন দেবেন অর্থমন্ত্রী
দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আগামী মার্চের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া ৩১ মার্চ অর্থনীতি নিয়ে বড় আকারের আরেকটি সেমিনারেরও আয়োজন করা হবে বলে জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ‘সংসদের প্রতিবেদনটি হবে জানুয়ারি-ডিসেম্বর—এই ছয় মাসের। আর সেমিনারটি করা হবে অর্থ মন্ত্রণালয় অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে।’ সচিবালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে গতকাল রোববার অনুষ্ঠিত সৌজন্য বৈঠকে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকের শুরুতেই ইআরএফের সদ্য বিদায়ী সভাপতি মনোয়ার হোসেন অর্থমন্ত্রীর সঙ্গে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় নতুন সভাপতি খাজা মাইনুদ্দিন ও সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছিসহ সংগঠনের অন্য সদস্য এবং জ্যেষ্ঠ সদস্য কাশেম হুমায়ুন, জাহিদুজ্জামান ফারুক, বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।নতুন কমিটির পক্ষ থেকে ইআরএফের জন্য একটি স্থায়ী কার্যালয় স্থাপনে অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। অর্থমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকদের সংগঠন ইআরএফের কার্যক্রমের প্রতি তিনি আস্থাশীল। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সংগঠনের সদস্যরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদী তিনি। এ সময় সংগঠনটির স্থায়ী কার্যালয় স্থাপনে সহযোগিতার বিষয়েও আশ্বাস দেন অর্থমন্ত্রী।