মার্চে তিন দিনের পর্যটন মেলা
রাজধানী ঢাকায় আবারও আয়োজন করা হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট-১৭। আগামী ৩০ মার্চ থেকে পাঁচ তারকা সোনারগাঁও হোটেলে এ মেলার আয়োজন করবে ভ্রমণ-বিষয়ক পাক্ষিক সাময়িকী ‘দ্য বাংলাদেশ মনিটর’। এ উপলক্ষে আজ শনিবার সকালে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আয়োজকেরা জানান, এবারের মেলায় টাইটেল স্পনসর হিসেবে থাকছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইনস। সংবাদ সম্মেলনের শুরুতে মেলার আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তিও হয়। চুক্তিতে সই করেন মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও ইউ-এস বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
আয়োজকেরা জানান, এবারের মেলায় ৬৮টি স্টল ও পাঁচটি প্যাভিলিয়নে দেশ-বিদেশের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক নিয়ে আরও বক্তব্য দেন বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির।