মার্চে দৌলতপুর জুট মিল চালু হতে পারে
এ বছর মার্চ মাসে খুলনার শিল্পাঞ্চল খালিশপুরে বন্ধ থাকা দৌলতপুর জুট মিল চালু হতে পারে।পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল গত শুক্রবার সকালে খালিশপুরে বন্ধ থাকা দৌলতপুর জুট মিল পরিদর্শনকালে এ ঘোষণা দিয়েছেন।পাটকল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন জোট সরকার ২০০২ সালের ৭ ডিসেম্বর লোকসানের অজুহাতে দৌলতপুর জুট মিল বন্ধ করে দেয়। তবে বর্তমান সরকারের উদ্যোগে ২০১০ সালের ২০ সেপ্টেম্বর বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) সভায় দৌলতপুর জুট মিল চালুর সিদ্ধান্ত নেয়। এরপর প্রাথমিক সংস্কারকাজ শুরু করে। ইতিমধ্যে পাটকলটি চালুর প্রস্তুতি শেষ হয়েছে। পরিদর্শনকালে পাটসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আগামী মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ থাকা দৌলতপুর জুট মিলটি চালু করবেন বলে আশা করছি।’ এ সময় বিজেএমসির চেয়ারম্যান টি ডি মিত্র, পরিচালক (অর্থ) মোহাম্মাদ উল্লাহ চৌধুরী, পরিচালক পরিকল্পনা রিয়াজুল হক, পরিচালক (বিপণন) শামসুল হক ও মিলের প্রকল্প প্রধান মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।