মার্চে প্রবাসী-আয় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের প্রথম দুই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কমলেও মার্চে এসে তা কিছুটা বেড়েছে। এ মাসে রেমিট্যান্স বা প্রবাসী-আয় এসেছে ১২৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে জানুয়ারিতে ১১৫ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ১১৩ কোটি ৪০ লাখ ডলার পাঠান প্রবাসীরা।
তবে এ বছরের মার্চের প্রবাসী-আয় ২০১৫ সালের একই সময়ের ১৩৩ কোটি ৮০ লাখ ডলারের চেয়ে ৫ কোটি ৭০ লাখ ডলার কম।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে প্রবাসী-আয়ের নতুন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, মার্চে সরকারি খাতের চার ব্যাংকের মাধ্যমে প্রবাসী-আয় এসেছে ৩৯ কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৬ কোটি ১০ লাখ ডলার। এ ছাড়া বিশেষায়িত ৩টি ব্যাংক ১ কোটি ২০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো এনেছে ১ কোটি ৭০ লাখ ডলার।
আলোচ্য মাসে সর্বোচ্চ ৩১ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী-আয় আসে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরই সরকারি খাতের অগ্রণী ব্যাংক ১৪ কোটি ৭০ লাখ ডলার এবং সোনালী ব্যাংক ১২ কোটি ডলারের প্রবাসী-আয় এনেছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বিশ্ববাজারে তেলের দাম কমায় বিভিন্ন দেশে উন্নয়নকাজ কমছে। এতে কমছে প্রবাসীদের আয়। এ ছাড়া প্রবাসী অনেক শ্রমিকের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৈধ কাজের সুযোগ কমছে। যে কারণে তাঁরা চাইলেও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে পারছেন না।