মার্চে মূল্যস্ফীতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে। মাসওয়ারি ভিত্তিতে মার্চ মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। আর ফেব্রুয়ারি মাসে এই হার ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে পরপর দুই মাসে মূল্যস্ফীতির হার কিছুটা বাড়ল।
মার্চ মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কমলেও খাদ্যপণ্যে বেড়েছে। মার্চে মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। আর খাদ্যবহির্ভূত পণ্যে এই হার হলো ৫ দশমিক ২৬ শতাংশ। আগের মাসে ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে গতকাল রোববার মার্চ মাসের মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করে। এ উপলক্ষে আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা কামাল বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেননি। এখন পণ্যের দাম বাড়িয়ে মুনাফা বাড়ানোর প্রবণতা থেকে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে। তিনি আরও বলেন, এমন প্রবণতা চলতে থাকলে চলতি অর্থবছরের মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রার মধ্যে ধরে রাখা সম্ভব হবে না। উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাত শতাংশ।
মূল্যস্ফীতির হ্রাস-বৃদ্ধি পর্যালোচনা করে বিবিএস বলছে, মূলত চাল, ডাল, আটা, শাকসবজি, ফল, মসলা, তেল, দুধসহ অন্য খাদ্যপণ্যে ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ১৩ শতাংশ। ফেব্রুয়ারি মাসে এই হার ছিল দশমিক ২৪ শতাংশ। আর একই সময়ে তুলনায় পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ অন্য খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে দশমিক ১৭ শতাংশ।
তবে গ্রামের চেয়ে শহরে মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। গত মার্চ মাসে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৯৮ শতাংশ। আর গ্রামে এই হার ৭ দশমিক ২১ শতাংশ। তবে শহরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রায় দুই অঙ্কের ঘরে ছুঁয়েছে, হয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।