আগামী মার্চ মাসেই ভারতের সঙ্গে বাংলাদেশের প্রাথমিকভাবে দুটো সীমান্ত হাট চালু হবে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ে বসবে এই দুটি হাট।বাণিজ্যমন্ত্রী ফারুক খান সিলেটের তামাবিল স্থলবন্দর এলাকায় স্থানীয় সাংবাদিকদের গত রোববার বিকেলে এই দুটি সীমান্ত হাট চালু হওয়ার সম্ভাবনার কথা জানান। ভারতের আসাম রাজ্যে তিন দিনের এক সফর শেষে বাণিজ্যমন্ত্রী শিলং হয়ে দেশে ফিরছিলেন। তিনি গুয়াহাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যোগ দিতে সেখানে যান।ফারুক খান বলেন, মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনসহ সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেই এই হাট চালু করা হচ্ছে।নলজুরীতে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোতে বাণিজ্যমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, সরকার সীমান্ত এলাকার উন্নয়নে বিশেষ পদক্ষেপ নিয়েছে। অচিরেই তামাবিল স্থলবন্দরের আধুনিকায়ন কর্মসূচি শুরু হবে। সীমান্ত হাট-সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়ন করে সীমান্ত নদী খননেও বিশেষ উন্নয়ন কর্মসূচি নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারতের বাণিজ্যিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। সীমান্ত হাট আগামী মাস থেকে চালু করার ব্যাপারে মেঘালয়ের রাজধানী শিলংয়ে ওখানকার মুখ্যমন্ত্রী মুকুল সাংমার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে।’ভারত সফরে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদসহ ১৩ সদস্যের প্রতিনিধিদল ছিল।