শেয়ারে বিনিয়োগের জন্য একজন বিনিয়োগকারী মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউস থেকে সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, তার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে কোনো বিনিয়োগকারী একটি মার্চেন্ট ব্যাংক থেকে ১০ কোটি টাকার বেশি ঋণসুবিধা পাবেন না। ব্রোকারেজ হাউসের ক্ষেত্রে এ সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা।কোনো বিনিয়োগকারী এর বেশি ঋণসুবিধা নিয়ে থাকলে আগামী ৩১ আগস্টের মধ্যে তাঁকে তা সমন্বয় করতে হবে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের গ্রাহকের নির্ভরশীল আত্মীয়ের নামের ঋণও এ সীমার আওতায় পড়বে। অর্থাৎ, এ ক্ষেত্রে বিনিয়োগকারীর স্ত্রী, ছেলে-মেয়ে, নির্ভরশীল বাবা-মা ও ভাই-বোনের ঋণ একসঙ্গে হিসাব করা হবে।এ ছাড়া মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ঋণসুবিধা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।্রএরই মধ্যে কেউ এ ধরনের ঋণসুবিধা নিয়ে থাকলে তাঁকেও আগামী ৩১ আগস্টের মধ্যে তা সমন্বয় করতে হবে।পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বাজার পর্যালোচনা কমিটির সভায় গতকাল বুধবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভুঁইয়া প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আগামী রোববার থেকে এ নিয়ম কার্যকর হবে।’এসইসির কর্মকর্তারা জানান, বাজারের তারল্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতেই ঋণের এ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে অপেক্ষাকৃত বড় বিনিয়োগকারীদের আগ্রাসী বিনিয়োগকে কিছুটা নিয়ন্ত্রিত মাত্রায় নিয়ে আসতে চাচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসেবে সম্প্রতি ঋণ জোগানদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের বিনিয়োগ কোষ বা পোর্টফোলিও তথ্য সংগ্রহ করে এসইসি। এসব তথ্য পর্যালোচনা করে ঋণের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।তবে ঋণ গ্রহণের অনুপাত আগের মতোই থাকছে। অর্থাৎ, এক লাখ টাকা মূলধনের বিপরীতে এক লাখ টাকা (১:১) হারেই ঋণসুবিধা পাওয়া যাবে। পার্থক্য হলো, আগে এ অনুপাতেই ১০ কোটি টাকার বেশি ঋণ পাওয়া যেত, এখন আর তা পাওয়া যাবে না।যোগাযোগ করা হলে এসইসির সিদ্ধান্ত সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এসইসি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে, তা দেখার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে।’এ ব্যাপারে গোলাম কিবরিয়া নামের একজন বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, এসইসির এ সিদ্ধান্তের ফলে অতিমূল্যায়িত যেসব শেয়ার এখনই ঋণসীমার বাইরে রয়েছে, সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক আরও বাড়বে। অর্থাৎ, এ সিদ্ধান্তের মাধ্যমে ঋণসুবিধা-বহির্ভূত দুর্বল মৌলভিত্তির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদান করা হলো বলে তিনি মনে করেন।হাবিবুর রহমান নামের আরেক বিনিয়োগকারী বলেন, নির্ধারিত সীমার বাইরে যাঁদের ঋণ রয়েছে, তাঁদের এখন অনেকটা বাধ্য হয়েই লোকসান দিয়ে শেয়ার বিক্রি করতে হবে। আর এ সুযোগে যেসব বড় বিনিয়োগকারীর কাছে নগদ টাকা রয়েছে, তাঁরা তুলনামূলক কম দামে শেয়ারগুলো কিনে নেবেন। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দিতেই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে কি না।