মার্চেন্ট ব্যাংক সমিতির আহ্বান
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে ফোর্সড সেল বা জোরপূর্বক শেয়ার বিক্রি বন্ধে সব মার্চেন্ট ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।সংগঠনটির সভাপতি মোহাম্মদ এ হাফিজ গতকাল এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এ সময় বিএমবিএ সভাপতি বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থ যাতে নষ্ট না হয়, সে বিষয়ে খেয়াল রাখার জন্য মার্চেন্ট ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি। কেননা, বিনিয়োগকারীরা বাঁচলে আমরাও বাঁচব।’সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাজারে এ রকম পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ভীত হওয়ার কোনো কারণ নেই। কেননা, বর্তমানে বাজারের শেয়ারের গড় মূল্য আয় (পিই) অনুপাত ১১-এর কাছাকাছি রয়েছে, যা বিনিয়োগের জন্য খুবই উপযোগী। এ সুযোগ কেউ না কেউ গ্রহণ করবে। এ ছাড়া জুনের মধ্যে সরকারি কোম্পানিগুলোর পাশাপাশি অধিকাংশ কোম্পানি তাদের লভ্যাংশ ঘোষণা করবে। তাই বাজার আপন গতিতেই ভালো হয়ে যাবে।