মার্চেন্ট ব্যাংককে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনাকারী মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে।কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে দেশের পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের স্বীকৃতি নিয়ে নতুন করে আবার প্রশ্ন উঠেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক চিঠির জবাবে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি জানিয়েছে, ‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ২(খ) ধারা অনুযায়ী মার্চেন্ট ব্যাংক-গুলো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচ্য।’এর আগে গত ২০ মে এসইসি মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান কি না এ বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেয়। সেই চিঠির জবাবে ৬ জুন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সোহেল চৌধুরী এসইসিকে জানান, ‘মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান।’মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে তিন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে: ইস্যু ব্যবস্থাপনা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা পত্রকোষ ব্যবস্থাপনা, আন্ডার রাইটিং ও অ্যাডভাইজরি সার্ভিস। বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতির বিষয়টি এসইসি চিঠির মাধ্যমে মার্চেন্ট ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে।এদিকে আর্থিক প্রতিষ্ঠান আইনের যে ধারাবলে মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠানের শ্রেণীভুক্ত করা হয়েছে তাতে বলা আছে, ‘আর্থিক প্রতিষ্ঠান অর্থ এমন নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বুঝাইবে যাহা (অ) শিল্প, বাণিজ্য, কৃষি বা গৃহায়ণের জন্য ঋণ এবং আগাম প্রদান করে, বা (আ) সরকার বা কোন সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক ইস্যুকৃত শেয়ার, স্টক, বণ্ড, ডিবেঞ্চার, ডিবেঞ্চার স্টক বা সিকিউরিটিজ বা বাজারজাতকরণের উপযোগী অন্যান্য সিকিউরিটিজের দায়গ্রহণ, অধিগ্রহণ, বিনিয়োগ বা পুনঃবিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে।’এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘আমরা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটি চিঠি পেয়েছি। যেখানে আমাদের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এমন স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই।’এত দিন মার্চেন্ট ব্যাংকগুলো এসইসির কাছ থেকে নিবন্ধন সনদ নিয়ে পুঁজিবাজারে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। সম্প্রতি তাদের ওপর করহার নির্ধারণের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আর্থিক প্রতিষ্ঠান হিসেবে মার্চেন্ট ব্যাংকগুলোর কাছ থেকে সাড়ে ৪২ শতাংশ হারে প্রাতিষ্ঠানিক কর দাবি করে। তখনই মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান কি না—এ নিয়ে প্রশ্ন ওঠে এবং এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকগুলো এসইসির কাছে ব্যাখ্যা চায়। পরবর্তী সময়ে এসইসি বিষয়টি জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়।