মার্চেন্ট ব্যাংকগুলো নিরাপত্তা সঞ্চিতিতে বিশেষ ছাড় পাচ্ছে
শেয়ারবাজারে নিজস্ব পত্রকোষে বিনিয়োগ করে যেসব মার্চেন্ট ব্যাংক ক্ষতির মুখে রয়েছে, সেসব মার্চেন্ট ব্যাংককে লোকসানের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পত্রকোষে যে লোকসান রয়েছে, তার বিপরীতে ধাপে ধাপে প্রভিশনিংয়ের সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের পত্রকোষে বিনিয়োগের বিপরীতে বাংলাদেশ ব্যাংক নিরাপত্তা সঞ্চিতির যে সিদ্ধান্ত দিয়েছে, সেটিকে পর্যালোচনা করা হয়েছে। বিএসইসি বলছে, মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব পত্রকোষে ধারণ করা শেয়ারের দাম কমে যাওয়ায় যে অনাদায়ি ক্ষতি (আনরিয়ালাইজড লস) হয়েছে, তার বিপরীতে প্রভিশনিংয়ের ক্ষেত্রে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই এক বছর সময়ের মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলো চাইলে ত্রৈমাসিক ভিত্তিতে প্রভিশনিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবে।অবশ্য এই সুবিধা কেবল ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগের বিপরীতে ক্ষতির প্রভিশনিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০১২ সালের পরবর্তী সময়ের প্রভিশনিং যথানিয়মে সংরক্ষণ করতে হবে। বিএসইসি আরও জানিয়েছে, প্রভিশনিংয়ের ক্ষেত্রে যেসব মার্চেন্ট ব্যাংক বিশেষ সুবিধা গ্রহণ করবে, তারা সংশ্লিষ্ট আর্থিক বছরের জন্য কোনো ধরনের নগদ লভ্যাংশ দিতে পারবে না। এ বিষয়ে জানতে চাইলে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘বিএসইসি এই সুবিধা দেওয়ার ফলে মার্চেন্ট ব্যাংকগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। ২০১২ সালের আর্থিক হিসাবে অনাদায়ি ক্ষতির বিপরীতে একসঙ্গে সমপরিমাণ নিরাপত্তা সঞ্চিতি না করলেও চলবে। এর ফলে মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত থাকবে।’এই সুবিধার কারণে বাজারে কোনো ধরনের প্রভাব পড়বে কি না, জানতে চাইলে বিএমবিএর সভাপতি বলেন, ‘বাজারের সঙ্গে এর সরাসরি কোনো যোগসূত্র নেই। এটি মার্চেন্ট ব্যাংকের নিজস্ব আর্থিক ভিত্তির সঙ্গে সম্পর্কিত। তবে বাজারে এর মনস্তাত্ত্বিক প্রভাব পড়লে পড়তে পারে।’এদিকে বিএসইসির গতকালের সভায় এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের খসড়া বিবরণী (প্রসপেক্টাস) অনুমোদন করা হয়েছে। ১০০ কোটি টাকার এই তহবিলের (ফান্ড) প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এরই মধ্যে তহবিলটির ৫০ কোটি টাকা উদ্যোক্তা ও প্রাক্-প্রাথমিক গণপ্রস্তাব বা প্রাক্-প্রাইপিওর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। বাকি ৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে।তহবিলটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সম্পদ ব্যবস্থাপক কোম্পানি রেইস ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানি।