মার্চেন্ট ব্যাংকগুলো নিয়ন্ত্রণে বিধিমালার সংশোধন হচ্ছে
পুঁজিবাজার বিপর্যয়ের ঘটনা তদন্তে ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার’ বিধিমালা সংশোধন করা হচ্ছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এই উদ্যোগ নিয়েছে। এ কাজ সম্পন্ন করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।গত বুধবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন এসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এসইসির পরিচালক মাহবুবুল আমল ও পরিচালক জাহাঙ্গীর আলম। এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খসড়া সংশোধনী এসইসিতে জমা দিতে বলা হয়েছে।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান জানান, ‘রোববার থেকে আমরা মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালার সংশোধনের কাজ শুরু করব।’