মার্চেন্ট ব্যাংকগুলো মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের স্থিতিশীলতায় ভূমিকা রাখার অংশ হিসেবে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের নিজস্ব মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত নেতারা এ তথ্য জানিয়েছেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেছেন, ‘এরই মধ্যে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের নিজস্ব মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। কোনো কোনো মার্চেন্ট ব্যাংক প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজারে শেয়ার ছাড়ারও প্রস্তুতি নিতে শুরু করেছে।’ গতকাল শনিবার বিএমবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ হাফিজ এসব কথা বলেন। সংগঠনের নবনির্বাচিত নেতারা শেয়ারবাজারের ক্রান্তিকাল মোকাবিলা ও বাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বারোপ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, সবার যৌথ প্রচেষ্টায় বাজার আবারও তার স্বাভাবিক ছন্দ ফিরে পাবে। সংগঠনের নেতারা বলেন, যেসব কোম্পানির তালিকাভুক্তির আবেদন নিয়ন্ত্রক সংস্থায় আটকে আছে, সেগুলো দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে বিএমবিএর নতুন কমিটি উদ্যোগ নেবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা প্রান্তিক ঋণ মওকুফের বিষয়ে মূল প্রতিষ্ঠানগুলো একমত হলে বিএমবিএ সেটিকে স্বাগত জানাবে। নির্বাচিত হওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএমবিএর নেতারা এসব কথা বলেন। এজিএম ও নির্বাচন: গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বিএমবিএর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে এএএ কনসালট্যান্টস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যাডভাইজারস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ সভাপতি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিরউদ্দিন আহমেদ নির্বাচিত সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক হন। এ ছাড়া ইসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী এবং এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্টের সিইও দেবব্রত কুমার সরকার যথাক্রমে সংগঠনটির সহসভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।দ্বিবার্ষিক এই নির্বাচনে ১১টি সদস্য পদে ১৮ জন মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্য থেকে উল্লিখিত চারজন ছাড়াও নির্বাচিত অপর সাত সদস্য হলেন: লংকা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও শাকিল ইসলাম ভূঁইয়া, প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের সিইও মোশাররফ হোসেন, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক খালেদ ফরাজী, বিএমএসএল ইনভেস্টমেন্টের পরিচালক আবদুল আউয়াল, পিএলএফএস ইনভেস্টমেন্টের মোস্তফা কামাল, আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এবং অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের পংকজ রায় চৌধুরী।উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভা শেষে সরাসরি ভোটে বিএমবিএর ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত ১১ সদস্য ভোটের মাধ্যমে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন। বিএমবিএর সদ্য বিদায়ী সভাপতি শেখ মর্তুজা আহমেদ নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা ও এজিএমে সভাপতিত্ব করেন। সদ্য বিদায়ী সভাপতি বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।