মার্চেন্ট ব্যাংকগুলোতে সেবা বাড়ানোর পরামর্শ এসইসি চেয়ারম্যানের
বিভিন্ন পরামর্শসেবা ও গবেষণাসেবার মাধ্যমে মার্চেন্ট ব্যাংকগুলোকে পুঁজিবাজারের উন্নয়নে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। আজ রোববার সকালে রাজধানীর স্থানীয় এক হোটেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসইসির চেয়ারম্যান মার্চেন্ট ব্যাংকের কার্যক্রমের সমালোচনা করে বলেন, মার্চেন্ট ব্যাংকগুলো তাদের মূল কার্যক্রম থেকে সরে এসেছে। তারা কার্যক্রম পরিচালনায় নিজেরা লাভবান হতে পারেনি, বিনিয়োগকারীদেরও লাভবান করতে পারেনি। বরং উভয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং পরামর্শসেবা ও গবেষণাসেবা প্রদানের মাধ্যমে তাদের পুঁজিবাজারের উন্নয়নে কাজ চালিয়ে যেতে হবে।বিএমবিএর সভাপতি এ হাফিজের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে এসইসির সদস্য আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম সিকদার, ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইএবি) সভাপতি শেখ কবির হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এইচ সামাদ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমবিএর সহসভাপতি তানজিল আহমেদ।