মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালার সংশোধনী অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালার প্রস্তাবিত সংশোধনী চূড়ান্ত অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের ৪২৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা ১৯৯৬-এর প্রস্তাবিত সংশোধনীর ওপর জনমত জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জরিপের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় আজকের সভায় প্রস্তাবিত ওই সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। শিগগিরই বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে।এর আগে গত ২০ ফেব্রুয়ারি ৪২০তম সভায় মার্চেন্ট ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ১৯৯৬ সংশোধনীর সিদ্ধান্ত নেয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ওই দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত সংশোধনীতে মার্চেন্ট ব্যাংকগুলো শুধু ইস্যু ব্যবস্থাপনার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন এক কোটি থেকে বৃদ্ধি করে দুই কোটি ৫০ লাখ টাকা, শুধু ইস্যু অবলেখনের (আন্ডার রাইটিং) জন্য পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বৃদ্ধি করে ১২ কোটি ৫০ লাখ টাকা, শুধু পোর্টফোলিও ব্যবস্থাপনার জন্য পরিশোধিত মূলধন পাঁচ কোটি থেকে বৃদ্ধি করে ১২ কোটি ৫০ লাখ টাকা এবং পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন ১০ কোটি থেকে বৃদ্ধি করে ২৫ কোটি টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি জনমত জরিপের জন্য দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে ইস্যু ব্যবস্থাপনা, ইস্যু অবলেখন, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের সনদপ্রাপ্তদের গেজেট প্রকাশের এক বছরের মধ্যে পরিশোধিত মূলধনের উল্লিখিত শর্তাদি পূরণ করা লাগবে।