মার্চেন্ট ব্যাংকার বিধিমালার সংশোধনী অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ব্যবস্থাপক বিধিমালার সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।কমিশনের নিয়মিত সভায় গতকাল মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিগগিরই চূড়ান্ত সংশোধনী প্রস্তাবনা গেজেট আকারে প্রকাশ করা হবে। চূড়ান্ত সংশোধনীর আগে এসইসি এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মতামত সংগ্রহ করে। সেসব মতামত পর্যালোচনা করে খসড়া সংশোধনীর কিছু বিষয় সংযোজন-বিয়োজনের মাধ্যমে বিধিমালাটির চূড়ান্ত সংশোধনী আনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে মার্চেন্ট ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত করতে পরিশোধিত মূলধন বাড়ানোর বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গতকালের কমিশন সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইস্যু ব্যবস্থাপক-প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটালকে সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন জানিয়েছে, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য যে প্রসপেক্টাস প্রকাশ করেছে, তাতে কোম্পানির গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করা হয়েছে। একই সভায় পদ্মা ইসলামী লাইফ প্রথম মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস দাখিলের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে।