মার্জিন ঋণের সুদ মওকুফের সময় মঙ্গলবার শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের সময়সীমা শেষ হচ্ছে ১৪ আগস্ট মঙ্গলবার। এরই মধ্যে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তাদের গ্রাহকদের সুদ মওকুফের কার্যক্রম শুরু করেছে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সূত্রে জানা গেছে।গত ১০ জুলাই এসইসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএসই ও সিএসইর ব্রোকারেজ হাউসগুলোকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফসংক্রান্ত প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে জমা দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে ডিএসই ও সিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলোকে এ বিষয়ে একটি সমন্বিত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে বলা হয়। আর মার্চেন্ট ব্যাংকগুলোকে সুদ মওকুফসংক্রান্ত নির্দেশনা মেনে এ-সংক্রান্ত প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে বিএমবিএর (বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন) কাছে পাঠাতে বলা হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএমবিএর সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, এসইসির নির্দেশ অনুযায়ী অধিকাংশ মার্চেন্ট ব্যাংক সুদ মওকুফের কার্যক্রম শুরু করেছে। তবে সুদ মওকুফের সময় বাড়ানোর জন্য এসইসির কাছে অনুরোধ করা হবে বলে জানান তিনি।ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন বলেন, সুদ মওকুফসংক্রান্ত এসইসির নির্দেশনা বিভিন্ন ব্রোকারেজ হাউসকে জানানো হয়েছে। আজ রোববার পর্যন্ত কোনো হাউস এ-সংক্রান্ত তথ্য ডিএসইতে জমা দেয়নি।গত ৩১ জুলাই বিএমবিএ পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৯০০ কোটি টাকা পুনরর্থায়ন সহায়তা চায়। ওই দিন ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ এবং এর উত্তরণের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিএমবিএর পক্ষ থেকে এই ঋণ-সহায়তা চাওয়া হয়।