মার্জিন ঋণের সুবিধা কমিয়েছে এসইসি
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ বৃহস্পতিবার শেয়ার কেনায় মার্জিন ঋণের সুবিধা কমিয়ে দিয়েছে। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো এখন থেকে বিনিয়োগের সমানুপাতিকহারে গ্রাহকদের ঋণসুবিধা দিতে পারবে। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ আজ এক সংবাদ সম্মেলনে এসইসির এ সিদ্ধান্তের কথা জানান।নতুন নিয়মে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের বিনিয়োগের সমানুপাতিক হারে ঋণ দিতে পারবে। আর এর হার হবে ১:১। অর্থাৎ কোনো গ্রাহকের এক লাখ টাকা বিনিয়োগ থাকলে তিনি মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে এক লাখ টাকার বেশি ঋণ পাবেন না। এর আগে গ্রাহকেরা ব্রোকারেজ হাউসগুলো থেকে এক লাখ টাকার বিনিময়ে দেড় লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা পেতেন।এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, বাজারের সাম্প্রতিক অবস্থা বিচার করে এসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, বাজারে ইদানিং তারল্যের পরিমাণ অতিরিক্ত হারে বেড়ে যাওয়ায় বাজারে সমস্যার সৃষ্টি হচ্ছে। তারল্যের এই চাপ কমাতেই এসইসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।