মার্জিন ঋণের হার কমাল এসইসি
পুঁজিবাজারে মার্জিন ঋণের হার কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই মার্জিন ঋণ আগের ১:১ এর স্থলে ১:০.৫ করার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার এসইসির বাজার পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্জিন ঋণের হার কমানোর পাশাপাশি এই সভায় ঋণ দেওয়ার নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। এখন থেকে নতুন বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার ৩০ কার্যদিবসের মধ্যে কোনো ঋণ দেওয়া যাবে না। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ জানান, শেয়ারবাজারে সাধারণ সূচকের ঊর্ধ্বগতির ব্যাপার নিয়ে সভায় আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে বাজার নিয়ন্ত্রণে রাখতে মার্জিন ঋণ কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামীকাল সোমবার থেকেই কার্যকর হবে।ফরহাদ আহমেদ আরও জানান, পুঁজিবাজারে নতুন বিনিয়োগকারীদের বিও হিসাব খোলার পর থেকে ৩০ কার্যদিবসের মধ্যে ওই বিনিয়োগকারীকে কোনো ঋণ দেওয়া যাবে না বলে বাজার পর্যালোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে বিভিন্ন সময়ে প্রকাশিত এসইসির বিজ্ঞপ্তি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের স্ক্রলে দেওয়ার জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে।। বিনিয়োগকারীরা যাতে সহজে এসইসির বিজ্ঞপ্তি দেখতে পারেন, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফরহাদ আহমেদ জানান।