মার্সিডিজ, জাগুয়ার ফোর্ড গাড়ির নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার আদি বাসিন্দা ও বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক নুরুল ইসলাম ২০১১ সালে ২৭২০ সিসির একটি রেঞ্জার রোভার গাড়ি আনেন। নিজেকে পর্যটক ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরের শুল্ক কর্তৃপক্ষের কাছে ওই গাড়িটি ছাড়ে শুল্কমুক্ত সুবিধা চান। কিন্তু তখন পর্যটক বা কারনেট সুবিধার অপব্যবহার নিয়ে শুল্ক বিভাগ বিস্তারিত তদন্ত করছিল। তাই গাড়িটি বন্দরে আটকে দেওয়া হয়।
২০১৩ সালে কারনেট সুবিধা বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তখন গাড়িটির শুল্ক নির্ধারণ করা হয় ১ কোটি ৪৪ লাখ টাকা। নুরুল ইসলাম পরে আর গাড়িটি নেননি। প্রায় তিন বছর ধরে গাড়িটি চট্টগ্রাম বন্দরে পড়ে আছে।
একইভাবে সুনামগঞ্জের আদিবাসী ও যুক্তরাজ্যের নাগরিক সুমন মিয়া ২৮৩৫ সিসির মিতসুবিশি ব্র্যান্ডের শোগান মডেলের গাড়ি আনেন। তাঁর গাড়িটিও আটকে দিয়ে ১ কোটি ৫৫ লাখ টাকা শুল্ক নির্ধারণ করা হয়। তিন বছর পার হলেও তিনি গাড়িটি নেননি।
এভাবে পর্যটক সুবিধায় আনায় ৮৫টি বিলাসবহুল গাড়ি প্রায় তিন বছর ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে। এসব গাড়ি এনেছিলেন মূলত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকেরা। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে এসব গাড়ি এ বন্দর দিয়ে আনা হয়। মালিকদের পাত্তা না থাকায় জাগুয়ার, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জার রোভার, ফোর্ড, লেক্সাসসহ বিভিন্ন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি নিয়ে বিপাকে পড়ে গেছে শুল্ক বিভাগ। সম্প্রতি এ গাড়িগুলোর নিলামে তোলার উদ্যোগ নেয় শুল্ক বিভাগ। ইতিমধ্যে গণমাধ্যমে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিলামে অংশ নিয়ে চট্টগ্রাম বন্দর চত্বর থেকেই যে কেউ এসব দামি ব্র্যান্ডের গাড়ি কিনতে পারবেন।
২০১৩ সালে এনবিআরের তদন্তে দেখা গেছে, জাতিসংঘের কারনেট সনদের আওতায় ১৯৬৩ সাল থেকে কারনেট সুবিধায় শুল্কমুক্তভাবে প্রায় ৩০০ গাড়ি আনা হয়েছে। কিন্তু সেই সনদে কখনো সই করেনি বাংলাদেশ। তাই শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বাধ্যবাধকতা নেই বাংলাদেশের। তখন কারনেট সুবিধায় আবেদন করা গাড়িগুলোর প্রাপ্য শুল্ক-কর পরিশোধ করে ছাড়ের সুযোগ দেওয়া হয়। কিন্তু গাড়ির মালিকেরা শুল্ক দিয়ে গাড়ি ছাড়াতে আগ্রহী না হওয়ায় এ বিশেষ নিলাম হচ্ছে।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার এহতেশামুল হক প্রথম আলোকে বলেন, জাতিসংঘের ওই সনদে বাংলাদেশে স্বাক্ষর না করায় এ গাড়িগুলোর আমদানি অবৈধ হয়ে গেছে। তাই এখন নিলামে তোলা হয়েছে।
নিলামে তোলা গাড়ির তালিকা অনুযায়ী, ৮৫টি গাড়ির মধ্যে বিএমডব্লিউ ব্র্যান্ডের ২১টি, মার্সিডিজ বেঞ্জ ১৮টি, মিতসুবিশি ১৭টি, লেক্সাস ৮টি। এ ছাড়া ল্যান্ড ক্রুজার জিপ, ল্যান্ড রোভার, ফোর্ড, হোন্ডা ব্র্যান্ডের গাড়িও রয়েছে। এসব গাড়ি জার্মানি, যুক্তরাজ্য, জাপান ও কোরিয়ার তৈরি। গাড়িগুলো ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে তৈরি করা হয়।
কাস্টমস সূত্র জানায়, ৩০ ও ৩১ আগস্ট বেলা দুইটা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি স্থানে দরপত্র জমা নেওয়া হবে। ৩১ আগস্ট বেলা আড়াইটায় পাঁচটি স্থানে দরদাতাদের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হবে। নিলামে তোলা প্রতিটি গাড়ির মূল্য নির্ধারণ করা হয়। এটাকে সংরক্ষিত মূল্য হিসেবে অভিহিত করা হয়। এই মূল্যের ৬০ শতাংশ বা এর চেয়ে বেশি দর পড়লে এবং সর্বোচ্চ দরদাতাকে গাড়িটি দেওয়া হবে।
শুল্ক বিভাগের নিলামে নিয়মিত অংশ নেন মো. মোরশেদ খান। গত শনিবার প্রথম আলোকে তিনি বলেন, প্রথমবার যেসব গাড়ি নিলামে তোলা হয়, সেগুলো বিক্রির নজির কম। দ্বিতীয়বার বা তৃতীয়বারে নিলামে তোলা গাড়িই বিক্রি হয় বেশি।
নিলামের নিয়মানুযায়ী, সাধারণত প্রথমবার শুল্ক বিভাগের সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ বা এর বেশি হলে এবং সর্বোচ্চ দরদাতা হলে নিলামে বিক্রির অনুমোদন দিতে পারে কাস্টমস। তবে একই পণ্য প্রথমবার নিলামে বিক্রি না হলে দ্বিতীয়বার নিলামে প্রথমবারের চেয়ে বেশি দর পড়লে বিক্রির অনুমোদন দেওয়া হয়। আবার তৃতীয়বার নিলামে যেকোনো দরে বিক্রি করতে পারে কর্তৃপক্ষ।