মালিক ধনাঢ্য, মজুরি দেন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক কারখানার অনেক মালিক পশ্চিমা ব্যবসায়ীদের মতো ধনাঢ্য। তাঁদের জীবনযাপনও বিলাসবহুল। কিন্তু নিজ কারখানার শ্রমিকদের অনেক কম মজুরি ও বেতন দেন তাঁরা। মালিকদের দাবি, বিশ্বের নামীদামি ব্র্যান্ডগুলো অনেক কম দামে তাঁদের কাছ থেকে পণ্য কেনে বলে শ্রমিকদের বেশি বেতন দেওয়া সম্ভব হয় না। তাঁরা আরও উচ্চমূল্যে পণ্য কিনতে বিদেশি ক্রেতাদের প্রায়ই আহ্বান জানান। গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মালিকদের এসব তথ্য তুলে ধরতে গিয়ে প্রতিবেদনে ধনকুবের ব্যবসায়ী ও জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য মোহাম্মদ ফজলুল আজিমের কথা উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনের তথ্যমতে, বাংলাদেশে তৈরি পোশাক খাতের রমরমা অবস্থা ফজলুল আজিমকে ধনী বানিয়েছে। তিন দশক আগে মাত্র একটি কারখানা দিয়ে তাঁর ব্যবসাজীবন শুরু। এখন তাঁর বেশ কিছু কারখানা আছে, যেখানে অন্তত ২৬ হাজার কর্মী কাজ করেন। বছরে তাঁর আয় ২০ কোটি মার্কিন ডলারের বেশি।প্রতিবেদনে বলা হয়, সরকারি নীতির সুফল ভোগ করে স্বতন্ত্র সাংসদ হয়েও ব্যবসার মাধ্যমে ফজলুল আজিম বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। ঢাকা শহরে তাঁর বড় সুইমিং পুলসহ বিলাসবহুল বাড়ি রয়েছে। তবে ফজলুল আজিমের অভিযোগ, গত কয়েক বছরে পণ্য প্রস্তুতের খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি মনে করেন, বিশ্বের যেসব নামীদামি ব্র্যান্ডের কাছে পণ্য বিক্রি করা হয়, তাদের আরও বেশি মূল্যে তৈরি পোশাক কেনার সময় হয়েছে। তিনি বলেন, ক্রেতারা কিছু দেন না। তাঁরা শুধু বলেন, উৎপাদন বাড়ান।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিশ্বের যেকোনো দেশের এই খাতের শ্রমিকদের চেয়ে কম বেতন পান। কর্মপরিবেশও নিরাপদ নয়। তবে রাজনৈতিক ক্ষমতা ও নতুন আসা শিল্প পুলিশের মাধ্যমে শ্রমিক অসন্তোষকে দমিয়ে রাখা হয়। গত ২৪ এপ্রিল রাজধানী ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সেখানে কয়েকটি তৈরি পোশাক কারখানা ছিল। এই বিপর্যয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কর্তৃপক্ষ, মালিক ও ক্রেতাদের সম্মিলিত ব্যর্থতায় কত বড় বিপর্যয় ঘটতে পারে। সস্তা শ্রম মানেই বিপজ্জনক পরিবেশে কাজ করার ঝুঁকি। প্রতিবেদনে বলা হয়, সাংসদদের অন্তত ৩০ জন তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। শ্রম-অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নেতা বুলবুল আখতার দাবি করেন, সাংসদদের অন্তত ৫০ শতাংশ এমন কোনো না-কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাঁরা শ্রমিকদের কম মজুরি দেন। শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলনের জেরে তিন বছর আগে তাঁকে জেলে ঢোকানো হয়। এখনো গোয়েন্দা সংস্থার লোকজন তাঁর গতিবিধির ওপর নজর রাখছেন বলে তিনি অভিযোগ করেন।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে যাঁরা তৈরি পোশাক খাতের শ্রমিকদের ভালো বেতন ও উন্নত কর্মপরিবেশের দাবিতে সোচ্চার, রাষ্ট্র তাঁদের অনেক সময় শত্রু হিসেবে বিবেচনা করে। শ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার আমিনুল ইসলামকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রতিবেদনের তথ্যমতে, বেশির ভাগ ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে যেতে চান না মালিকেরা। কারণ, বড় কোনো প্রতিষ্ঠানের কাজ ফিরিয়ে দিলে ছোট প্রতিষ্ঠানগুলো সেগুলো লুফে নেওয়ার তালে থাকে। একটি অলাভজনক তদবিরকারী প্রতিষ্ঠান ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে অনেক শ্রমিক সর্বনিম্ন মজুরির চেয়েও কম পান। বোনাসও অনেক কম তাঁদের।মিনারা নামের একজন পোশাককর্মীর ভাষ্য, জানালাহীন ছোট একটা ঘরে স্বামী আর ১৫ বছরের মেয়ে নিয়ে তাঁর সংসার। তাঁর মেয়েও পোশাক কারখানায় সহকারী হিসেবে কাজ করে। মা-মেয়ে মিলে সাত হাজার টাকার চেয়ে একটু বেশি আয় করেন, যার অর্ধেকটাই চলে যায় বাড়িভাড়ায়। মিনারার দাবি, বিদেশে তাঁর বানানো একটা পোশাক যে অর্থে বিক্রি হয়, তিনি সারা মাস খেটে ওই অর্থ আয় করেন। তাঁর মতে, সরকার যদি এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়, যথাযথ মজুরির ব্যাপারে মালিকদের নির্দেশ দেয়, তাহলে তাঁরা আরেকটু ভালোভাবে জীবিকা চালাতে পারতেন।শ্রমিক অসন্তোষ দেখা দিলে পরিস্থিতি সামাল দিতে সরকার ২০১০ সালে প্রায় তিন হাজার সদস্য নিয়ে শিল্প পুলিশ গঠন করে। শ্রমিক অধিকারকর্মী বুলবুল আখতার বলেন, শ্রমিকেরা দাবিদাওয়া নিয়ে মাঠে নামলে শিল্প পুলিশ এসে তাঁদের কাজে ফিরে যেতে বলে। যদি শ্রমিকেরা তা না করে, তাহলে লাঠিপেটা শুরু হয়। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম জানান, সরকার শ্রমিক ইউনিয়ন সমর্থন করে। সরকার চায়, তারা আরও জোরালো ভূমিকা পালন করুক। একই সঙ্গে তাঁর দাবি, সরকার শ্রমিকবান্ধব। প্রতিবেদনে বলা হয়, ফজলুল আজিমের মতো মালিকেরা রাজনৈতিকভাবে ক্ষমতার অধিকারী হলেও শ্রমিকদের উন্নয়নে কোনো বিষয়ে সংসদে তাঁদের আলোচনা করতে দেখা যায় না। বিষয়টি সমর্থন করে একজন কারখানার কর্মকর্তা বলেন, ‘আমি তাঁদের কখনো শিল্প কারখানার বর্তমান অবস্থার পরিবর্তন নিয়ে কথা বলতে বা বিল উত্থাপন করতে দেখিনি।’