মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে বিইএফকে নেতৃত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনকে (বিইএফ) নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায় নৈতিকতার জন্য বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড বিজয়ী শিল্পোদ্যোক্তা ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। লতিফুর রহমান বলেছেন, বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ব্যবসায়ী ফেডারেশনগুলোর মধ্যে বিইএফ একমাত্র সংগঠন, যেটি আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) নিবন্ধিত। বিইএফের আন্তর্জাতিক যে স্বীকৃতি রয়েছে সে তুলনায় সংস্থাটি বাংলাদেশে বেশি পরিচিতি পায়নি।গতকাল সোমবার বিইএফ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে লতিফুর রহমান এসব কথা বলেন। বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড লাভ করায় লতিফুর রহমানের সম্মানে গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে বিইএফ অনেকটা ঘরোয়া পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। লতিফুর রহমান একসময় এ সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। অনুষ্ঠানে লতিফুর রহমানের ব্যবসায়িক ও পারিবারিক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং বিইএফর বর্তমান সভাপতি ফজলুল হক। সংবর্ধনার জবাবে লতিফুর রহমান বলেন, ভবিষ্যতে বিইএফ যদি সাংগঠনিকভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে তাহলে এ দেশের শিল্পে মালিক-শ্রমিক সম্পর্কের দূরত্ব অনেকাংশে কমে যাবে। এতে শিল্প খাত উপকৃত হবে। আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, নৈতিকতা বজায় রেখেও যে ব্যবসা পরিচালনা করা যায়, এ দেশে তার অনন্য উদাহরণ হলেন লতিফুর রহমান। তাঁর আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে নৈতিকতা একেবারে উধাও হয়ে যায়নি।