
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্রের কবল থেকে দেশের তৈরি পোশাকশিল্প খাতকে রক্ষা করতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনাদের একে অপরের সুবিধা-অসুবিধার দিকে লক্ষ রাখতে হবে। সরকার সব সময় আপনাদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’
বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো-২০১৩) উদ্বোধনকালে প্রধানমন্ত্রী গতকাল এ আহ্বান জানান। এ সময় তিনি মুন্সিগঞ্জে নতুন গার্মেন্টস পল্লিতে এ শিল্পে এফওবি সুবিধা এবং ব্যাংকের সুদের হার কমানোর বিষয়ে মালিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন। খবর বাসস ও ইউএনবির।
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য নবগঠিত ওয়েজ বোর্ডের কাজ চলছে এবং এ বোর্ড শিগগিরই তাদের সুপারিশ দেবে’—এ আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, সুপারিশ পাওয়ার পর সরকার বেতন বৃদ্ধির পরিমাণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বাটেক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহামঞ্চদ কাদের, বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম পোশাকশিল্পের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান।
সংগঠনের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট এস এ মান্নান কচি ও ভারপ্রাপ্ত প্রথম ভাইস প্রেসিডেন্ট আবদুল ওহাব বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাণিজ্য উন্নয়ন, শিল্পের পরিবেশ এবং মহিলা উদ্যোক্তাদের বিকাশসহ বিভিন্ন শ্রেণীতে সাফল্যের জন্য বিজিএমইএ সদস্যদের মাঝে ফ্রন্টিয়ার অ্যাওয়ার্ড ও ইয়াং এন্ট্রাপ্রেনিউরস অ্যাওয়ার্ড বিতরণ করেন। তিনি তৈরি পোশাক খাতের উন্নয়ন ও পোশাকশ্রমিকদের কল্যাণে সামাজিক দায়িত্ব পালন ও সেবার জন্য বিভিন্ন ব্যক্তিকে পদক প্রদান করেন।
সাম্প্রতিক সময়ে দেশের পোশাকশিল্পের দুর্ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শিল্পের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে শিল্প দুর্ঘটনা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিকার-মূলক ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। এতে ক্ষয়ক্ষতি কম হয়। তিনি মানোন্নয়ন ও উৎপাদন ব্যবস্থাপনার উৎকর্ষের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারে আন্তরিক হতে পোশাক উৎপাদকদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী সাভার ট্র্যাজেডির উল্লেখ করে বলেন, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযানের উচ্ছ্বসিত প্রশংসা করেছে বিশ্ব সম্প্রদায়। তিনি বলেন, সরকার নিহত শ্রমিকদের পরিবারগুলোর মধ্যে ১২ কোটি টাকা এবং আহত শ্রমিকদের মধ্যে সাত কোটি টাকার অনুদান বণ্টন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিক ও কারখানা একে অপরের পরিপূরক। সে কারণে কারখানা বন্ধ করে দেওয়ার যেকোনো ধরনের প্ররোচনার বিরুদ্ধে শ্রমিক ও মালিক উভয়কে আরও সতর্ক থাকতে হবে।’ তিনি বলেন, কারখানার কোনো ধরনের ক্ষতি কেউই মেনে নিতে পারে না।
অনুষ্ঠানে তৈরি পোশাকশিল্পের মালিকদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘রানা প্লাজার এক ঘটনা সামলে নিতে পেরেছেন। কিন্তু আরেকটা রানা প্লাজার মতো ঘটনা ঘটলে সামলাতে পারবেন না।’ তাই সবকিছু ঠিকঠাক করার আহ্বান জানান তিনি।
সৈয়দ আশরাফের মতে, বিদেশি ক্রেতারা পোশাক কেনার জন্য সারা পৃথিবীতেই ঘোরেন। তাঁরা যেখানে সস্তা পাবেন, সেখানে ক্রয় আদেশ দেবেন। তিনি আরও বলেন, ‘আমি যখন সত্তরের দশকে লন্ডনে ছিলাম, তখন সেখানে অনেক পোশাক কারখানা ছিল। সেখানেও শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে দেখেছি।’
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সম্প্রতি পোশাক-শিল্পের শ্রমিকদের নিয়ে সমাবেশের আয়োজনে তাঁর সম্পৃক্ততার বিষয়ে সমালোচনার জবাব দিয়ে বলেন যে তিনি ১৯৯৮ সাল থেকেই শ্রমিকদের নিয়ে কাজ করছেন। তাই এই খাতের শ্রমিকদের সঙ্গে তাঁর যোগাযোগ নতুন নয়।
তিন দিনব্যাপী বাটেক্সপো আগামীকাল শনিবার শেষ হবে। তিন দিনের এ আয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রেতারা এসেছেন।