সাভারে ভবনধসে বিধ্বস্ত হওয়া পাঁচ পোশাক কারখানা
মালিকদের জন্য বন্ড-সুবিধার করমুক্তি চাইল বিজিএমইএ
সাভারের রানা প্লাজার পাঁচটি তৈরি পোশাক কারখানার মালিকদের বন্ড-সুবিধার ক্ষেত্রে করের দায়মুক্তি চেয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
ভবনটি ধসে যাওয়ায় এই কারখানাগুলোর শুল্কমুক্ত বন্ড-সুবিধার আওতায় আনা সংশ্লিষ্ট কাঁচামাল বিনষ্ট হয়েছে। বিনষ্ট হয়েছে বিভিন্ন ধরনের তৈরি পোশাকও। বিধি অনুসারে, রপ্তানি করতে ব্যর্থ হলে এসব পণ্যের ওপর প্রচলিত হারে শুল্ক-কর পরিশোধ করতে হয়। এখন মালিকদের পক্ষ থেকে বিশেষ বিবেচনায় এসব শুল্ক-কর মওকুফের আবেদন করেছে বিজিএমইএ।
গত ২৮ এপ্রিল বিজিএমইএর মহাসচিব এহসান উল ফাত্তাহর পাঠানো এক চিঠিতে এই আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে যাওয়ায় ফ্যান্টম এপারেলস, নিউ ওয়েব স্টাইল, নিউ ওয়েব বটম, ফ্যান্টম টেক ও ইথার টেক্স নামের পাঁচটি প্রতিষ্ঠানের তৈরি পোশাকের কাঁচামাল হিসেবে সুতা, কাপড়, বোতাম, তৈরি পোশাক, যন্ত্রপাতি—সবই ধ্বংস হয়েছে। এই ভবন ধসে যাওয়ায় এখন পর্যন্ত সহস্রাধিক লোকের প্রাণহানি হয়েছে। এ ঘটনার জন্য ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের চার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
এমন অবস্থায় এসব মালিকের পক্ষেই করের দায়মুক্তি চেয়েছে বিজিএমইএ। তবে এনবিআর এখনো বিজিএমইএর এই আবেদন বিবেচনায় আনেনি।
১৯৬৯ সালের কাস্টমস আইনের ১১৫ ধারা অনুযায়ী, অনিবার্য দুর্ঘটনার কারণে কোনো প্রতিষ্ঠানের ওয়্যারহাউসের পণ্য চুরি বা নষ্ট হলে বন্ড-সুবিধার আওতায় আনা শুল্ক-কর মওকুফ করা যেতে পারে।
এনবিআর সূত্রে জানা গেছে, সাধারণত কারখানায় আগুন লাগলে বা লুটপাট হলে এ ধরনের মওকুফ-সুবিধা দেওয়া হয়। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে পণ্যের তালিকাসহ দুই কার্যদিবসের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করতে হয়। কিন্তু দুর্ঘটনার সময় পাঁচ প্রতিষ্ঠানের ওয়্যারহাউস ও কারখানায় কী পরিমাণ কাঁচামাল, পণ্য ও যন্ত্রপাতি ছিল, তার তালিকা এনবিআরে জমা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে বিজিএমইএর দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘উদ্ধারকাজ চলমান থাকায় এখনো কারখানাগুলোতে কী পরিমাণ পণ্য ছিল তা জানা সম্ভব হয়নি।’
জানতে চাইলে এনবিআরের সদস্য (রপ্তানি ও বন্ড) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাধারণত এ ধরনের ঘটনায় এনবিআরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রানা প্লাজার পাঁচ তৈরি পোশাক কারখানার আবেদনের ক্ষেত্রে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আবেদনটি বিবেচনা করতে কিছুটা সময় লাগবে।’
জানা গেছে, সরকারের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে এনবিআর। এই দুর্ঘটনার জন্য ভবনের মালিক, নাকি পোশাক কারখানার মালিক দায়ী, সেটা জানতে চান শুল্ক কর্মকর্তারা। এর পরই এনবিআর কর মওকুফের বিষয়ে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শুল্ক বিভাগের কর্মকর্তারা জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার পর কেন মালিকেরা কারখানা চালু রাখলেন, সেটাই এখন বড় প্রশ্ন। কারখানা বন্ধ রাখলে দুর্ঘটনা এড়ানো যেত, তাই কারখানার মালিকদের কর মওকুফ-সুবিধা যৌক্তিক হবে না। আর আবেদনটি সরাসরি মালিকেরা না করে বিজিএমইএর মাধ্যমে করা হয়েছে। প্রত্যেক করদাতাকে স্বতন্ত্র পরিচয়ে বিবেচনা করে এনবিআর। সে ক্ষেত্রে বিজিএমইএর আবেদনটি বিবেচনায় আনার সুযোগ কম।
শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ড-সুবিধা পায়। অর্থাৎ এই সুবিধার আওতায় প্রয়োজনীয় সুতা, কাপড়সহ কাঁচামাল আনতে শুল্কমুক্ত সুবিধা পান মালিকেরা। কোনো শুল্ক-কর দিতে হয় না। এমনকি তৈরি পোশাক খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রচ্ছন্ন রপ্তানি খাতগুলো (প্যাকেজিং, অ্যাকসেসরিজ ইত্যাদি) এই সুবিধা পায়। ১ শতাংশ হারে আমদানি শুল্ক দিয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি করার সুযোগ রয়েছে, যা বন্ড-সুবিধার আওতায় আনা হয়। অন্য শিল্প খাতকে ৩ শতাংশ হারে আমদানি শুল্ক দিয়ে যন্ত্রপাতি আনতে হয়।