মালিকদের নতুন প্রস্তাব আজ নয়
তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডে নতুন করে প্রস্তাব দেওয়ার বিষয়ে বিজিএমইএ এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। এ কারণে আজ সোমবার মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় নিম্নতম মজুরি নিয়ে মতৈক্যে পৌঁছানো অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
আর এমনটি হলে পুরো প্রক্রিয়াটি আরেক দফা পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে আগামী নভেম্বরের মধ্যে নিম্নতম মজুরি ঘোষণা করা সম্ভব নাও হতে পারে। গত মাসে শ্রমিক অসন্তোষের সময় ২৩ সেপ্টেম্বর গভীর রাতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মালিক ও শ্রমিক নেতাদেরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের মধ্যে মজুরিকাঠামো ঘোষণা করতে বোর্ডকে অনুরোধ করা হয়।
বিজিএমইএর কয়েকজন নেতা জানান, সর্বনিম্ন মজুরি বিষয়ে তাঁরা আগের অবস্থান থেকে সরে আসবেন। সে ক্ষেত্রে পোশাকমালিকেরা হয়তো সাড়ে চার হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণের প্রস্তাব দেবেন। তবে গত শনিবার এ বিষয়ে বিজিএমইএর একটি কমিটির নির্ধারিত বৈঠক না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে কমিটির সদস্য ও সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, ‘ঈদের ছুটিতে সবাই ঢাকার বাইরে থাকায় বৈঠক হয়নি। তাই সমিতির পক্ষ থেকে বোর্ডের কাছে দুই-তিন দিনের সময় চেয়ে নতুন করে একটি প্রস্তাব দেওয়া হতে পারে।’ প্রায় একই ধরনের মন্তব্য করেন কমিটির আরেক সদস্য ও সমিতির সাবেক সহসভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, মজুরি বোর্ডের কালকের (আজ) সভায় বিজিএমইএর প্রস্তাব দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই।
তবে যোগাযোগ করা হলে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা এ প্রসঙ্গে বলেন, সময়ক্ষেপণের একটা প্রচেষ্টা বিজিএমইএর রয়েছে। তারা হয়তো চাইছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিম্নতম মজুরির বিষয়টি ডুবিয়ে দিতে। তিনি বলেন, তাতে কোনো কাজ হবে না, পোশাকশ্রমিকেরা সজাগ আছেন। কাঙ্ক্ষিত মুজরি না পেলে শ্রমিকেরা প্রতিরোধ গড়ে তুলবেন।
মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গামেন্ট শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম অবশ্য বলেছেন, বিজিএমইএ যদি যুক্তিসংগত প্রস্তাব কিংবা প্রত্যাশা অনুযায়ী মজুরি বৃদ্ধি করতে নিজেদের অবস্থান পরিষ্কার করে তবে আজকের বৈঠকেই আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। তাতে একটা খসড়া তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো যায়। তাহলে নভেম্বরের মধ্যেই মজুরিকাঠামো ঘোষণা করা সম্ভব হবে।
মজুরি বোর্ডের পঞ্চম সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিক ও মালিক উভয় পক্ষের কথা শোনার জন্য ঢাকা ও তার আশপাশের তিনটি এবং চট্টগ্রাম ও তার আশপাশের দুটি কারখানা পরিদর্শন করার কথা ছিল। এখন পর্যন্ত ঢাকার উত্তরা ও মালিবাগে তিনটি কারখানা পরিদর্শন করা হলেও চট্টগ্রামের দুটি হয়নি বলে জানিয়েছেন বোর্ডের একাধিক সদস্য।
এর আগে বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করা হয়। এর মধ্যে মাসিক মূল মজুরি ধরা হয়েছে পাঁচ হাজার ৯৩৪, বাড়িভাড়া এক হাজার ৭৮০ (মূল মজুরির ৩০ শতাংশ) ও মাসিক চিকিত্সা ভাতা ৪০০ টাকা।
পাল্টা প্রস্তাবে বিজিএমইএ নিম্নতম মজুরি ২০ শতাংশ বা ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করে। এতে নিম্নতম মজুরি দাঁড়ায় তিন হাজার ৬০০ টাকা। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৪০০, বাড়িভাড়া ৯৬০ ও চিকিত্সা ভাতা ২৪০ টাকা। অবশ্য বিজিএমইএর প্রস্তাবকে তাত্ক্ষণিকভাবে অযৌক্তিক বলে আখ্যায়িত করেন মজুরি বোর্ডের দুই সদস্য। পোশাকশ্রমিকেরাও বিক্ষোভে ফেটে পড়েন। টানা আট-নয় দিন আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ চলতে থাকে।
মজুরি বোর্ডের সদস্যরা ইতিমধ্যে থাইল্যান্ড, ভিয়েতনাম ও কম্বোডিয়া ভ্রমণ করেছেন। গত ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সেখানে তাঁরা শ্রমিকদের মজুরি কীভাবে দেওয়া হয়, মজুরি বোর্ড কীভাবে কাজ করে সেগুলো পর্যবেক্ষণ করে এসেছেন।
সফরকারী সদস্যরা জানান, ওই তিন দেশেই পোশাকশ্রমিকদের মজুরি বাংলাদেশের তুলনায় অনেক বেশি। কম্বোডিয়া ও ভিয়েতনামে ন্যূনতম মাসিক মজুরি যথাক্রমে ৮০ ও ১২০ মার্কিন ডলার। এ ছাড়া সেখানে মূল মজুরির ৬০ শতাংশ বাড়িভাড়া দেওয়া হয়। দেশগুলোতে শ্রমিকদের গ্রেড মাত্র দুটি। আর বাংলাদেশে পোশাকশ্রমিকদের গ্রেড সাতটি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএর এক নেতা গতকাল এই প্রতিবেদককে বলেন, ‘যাই হোক না কেন, শিল্পের স্বার্থে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে মজুরি বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো দরকার। এটি নিয়ে আর পানি ঘোলা না করাই ভালো।’
বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, বিজিএমইএ প্রস্তাব না দিলে বোর্ড নিজেদের মতো করে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে। আবার মালিকপক্ষকে সময়ও দিতে পারে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বোর্ড খসড়া সুপারিশ চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করে তা মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হবে। ১৫ দিন পর সুপারিশ চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিংয়ের জন্য প্রায় এক সপ্তাহ সময় লাগবে। তারপর চূড়ান্ত সুপারিশ শেষে গেজেট প্রকাশ হবে।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে এ কে রায়কে চেয়ারম্যান করে গত ২৪ জুন ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করা হয়। বোর্ডকে ছয় মাসের মধ্যে ন্যূনতম বেতন কাঠামো চূড়ান্ত করতে বলা হয়েছে। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আরশাদ জামাল, সিরাজুল ইসলাম, ফজলুল হক, কামালউদ্দিন ও আবুল হাসানাত।