মালিকদের মজুরির প্রস্তাবটি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি হার নির্ধারণ নিয়ে মালিক-শ্রমিকদের বিপরীতমুখী প্রস্তাবসহ মজুরির বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নিম্নতম মজুরি বোর্ডের সাবেক চেয়ারম্যান ইকতেদার আহমেদ

ইকতেদার আহমেদ
ইকতেদার আহমেদ

প্রথম আলো: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন হারে ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে কাজ চলছে। এই প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়ে থাকে?
ইকতেদার আহমেদ: ন্যূনতম মজুরি নির্ধারণ একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট সময় অন্তর এই মজুরি পুনর্নির্ধারণ করতে হয়। এই কাজের দায়িত্ব মজুরি বোর্ডের। আর মজুরি বোর্ড একটি সংবিধিবদ্ধ সংস্থা। তবে সরকার প্রজ্ঞাপন জারি না করলে স্বতঃপ্রণোদিতভাবে এই বোর্ড কাজ করতে পারে না। সময় সময় সরকার বিভিন্ন খাতের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য নির্দেশনা জারি করার পর বোর্ড কাজ করে। সর্বশেষ ২০১০ সালে এই বোর্ড বিভিন্ন খাতের ন্যূনতম মজুরি নির্ধারণ করেছিল, যার মধ্যে অন্যতম ছিল তৈরি পোশাক খাত। তিন বছর পর আবার এই খাতের মজুরি পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। একজন জেলা জজ বা বিচারক এই বোর্ডের চেয়ারম্যান। মালিকপক্ষের একজন ও শ্রমিকপক্ষের একজন করে স্থায়ী প্রতিনিধি সদস্য থাকেন। নিরপেক্ষ সদস্য হিসেবে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বা বাণিজ্য অনুষদের একজন অধ্যাপক। আর যে খাতের মজুরি নির্ধারিত হয়, সেই খাতের মালিক ও শ্রমিকপক্ষের একজন করে প্রতিনিধি থাকেন অস্থায়ী সদস্য হিসেবে।
প্রথম আলো: পোশাকশিল্পের মালিকেরা তো নিম্নতম মজুরি হিসেবে তিন হাজার ৬০০ টাকা প্রস্তাব করেছেন। শ্রমিকেরা এতে জোর আপত্তি করেছেন। এ প্রস্তাব কতটুকু যৌক্তিক বলে মনে করেন?
ইকতেদার আহমেদ: এটা কোনোভাবেই যৌক্তিক বিবেচনা করা যায় না। ২০১০ সালে তিন হাজার টাকা ন্যূনতম মজুরি করা হয়েছিল। কিন্তু তখন ওই টাকায় যা কেনা সম্ভব ছিল, এখন তিন হাজার ৬০০ টাকায় কি শ্রমিকদের পক্ষে তা কেনা সম্ভব? না, সম্ভব নয়। অর্থাৎ শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা বাড়েনি। মালিকপক্ষ মূল্যস্ফীতির হারের সঙ্গে মিলিয়ে মজুরি বাড়ানোর যুক্তি দিচ্ছে। অথচ ২০১০ সালে আমরা যখন প্রস্তাব করেছিলাম যে প্রতিবছরই মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে মজুরি বাড়াতে হবে, তখন পোশাকশিল্পের মালিকেরা তা মেনে নেননি। আবার সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) যে নতুন হিসাব প্রকাশ করেছে, তাতে দেখা যায় যে, ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় এক হাজার ৪৪ ডলার। তার মানে এখনকার বাজারদরে ৮০ হাজার টাকার মতো। সে হিসাবে মাসে সাড়ে ছয় হাজার টাকার বেশি। এ বিবেচনায়ও মালিকদের প্রস্তাব অত্যন্ত কম।
প্রথম আলো: পোশাক খাতের সক্ষমতা ও সামর্থ্যের সীমাবদ্ধতার কথা বলছেন মালিকেরা। বলছেন রপ্তানি বাজারে বাড়তি প্রতিযোগিতা করতে হচ্ছে এখন।
ইকতেদার আহমেদ: তৈরি পোশাক আমাদের প্রধান রপ্তানি খাত। এই খাতের বার্ষিক রপ্তানি আয় দুই হাজার ১০০ কোটি ডলার। তবে কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানির হিসাবটা বিবেচনায় নিলে প্রকৃত আয় হবে দেড় হাজার কোটি ডলারের মতো। অথচ প্রবাসী কর্মজীবীরা বছরে প্রায় দেড় হাজার কোটি ডলার পাঠাচ্ছেন রেমিট্যান্স হিসেবে, যার পুরোটাই প্রকৃত আয়। আবার তৈরি পোশাক খাতকে বছরের পর বছর নানা সুবিধা ও প্রণোদনা দেওয়া হচ্ছে। এগুলো তো বিবেচনায় নিতে হবে। প্রতিযোগী দেশগুলোর চেয়ে কম মূল্যে পোশাক দিতে পারছি আমরা। এর মূল কারণ কিন্তু শ্রমিকের কম মজুরি ও অধিক উৎপাদনশীলতা। যাঁরা এই শিল্পে বিনিয়োগ করেছেন, তাঁরা মুনাফার জন্যই করেছেন এবং তাঁরা মুনাফা করবেন—এটাই স্বাভাবিক। বছর বছর ব্যবসা বাড়ছে, মুনাফা বাড়ছে। শিল্পমালিকেরাও অত্যন্ত উন্নত জীবন যাপন করছেন, বছর বছর বিনোদন ও চিকিৎসার জন্য সপরিবারে বিদেশে যাচ্ছেন, ছেলেমেয়েকে বিদেশে লেখাপড়া করাচ্ছেন। এগুলো তাঁরা করতেই পারেন। তাহলে শ্রমিকের মজুরি বাড়ানোর বিষয়ে এত সংকীর্ণতা কেন তাঁদের? তাঁদেরই তো আরও উদার হওয়া উচিত।
প্রথম আলো: রানা প্লাজা ট্র্যাজেডির পর বিদেশি ক্রেতাদের ওপর চাপ বাড়ানোর বিষয়টি সামনে এসেছে। এটা কতটুকু বাস্তবসম্মত?
ইকতেদার আহমেদ: বিদেশি ক্রেতা বা রিটেইলাররা যে চড়া মুনাফা করছে, তা তো এখন সবারই জানা। ১০ ডলার দিয়ে প্রস্তুত করা পোশাক তারা বিক্রি করছে ২৫ ডলারে। এই বিরাট ব্যবধান কিছুটা কমানো প্রয়োজন। এ জন্য আমাদের পোশাকশিল্পের মালিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সরকারের সহযোগিতা লাগবে। অনেক কারখানাই কাজ ধরার জন্য অনেক কম দরে কার্যাদেশ নিয়ে থাকে। এটা একপর্যায়ে তাদের ওপর চাপ তৈরি করে। বিজিএমইএ অনেক শক্তিশালী সংগঠন। তারা তো একটা নিম্নতম দর বা ভিত্তিদর ঠিক করতে পারে। তা ছাড়া কিছু কারখানা প্রতিযোগিতায় টিকতে পারবে না, এটাই স্বাভাবিক। তাদের টিকিয়ে রাখার জন্য গোটা খাতকে ও শ্রমিকদের বঞ্চিত করা যুক্তিযুক্ত হবে না।
[সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]