হরতালের অজুহাত দেখিয়ে মালিকপক্ষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন করে প্রস্তাব দেয়নি। এ কারণে নিম্নতম মজুরি বোর্ডের গতকাল রোববারের নির্ধারিত সভায় মজুরি নিয়ে কোনো আলোচনা কিংবা মতৈক্য হয়নি।
মালিকপক্ষ প্রস্তাব না দেওয়ায় বোর্ডের চেয়ারম্যান এ কে রায় আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় আগামী বেঠকের সময়সূচি ঘোষণা করেন। তাঁর প্রত্যাশা, ওই দিন মালিকপক্ষ সংশোধিত প্রস্তাব দেবে।
শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতাকে হয়তো পুঁজি করতে চাইছে বিজিএমইএ। এমনটি করলে আবার শ্রমিক অসন্তোষের মতো ঘটনা ঘটতে পারে।’
সিরাজুল ইসলাম আরও বলেন, ‘নভেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে, এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতেই গত মাসে শ্রমিকেরা কাজে ফিরেছিলেন। এর উল্টোটা হলে তাঁদের সঙ্গে বেইমানি করা হবে।’ নভেম্বরের মধ্যে মজুরি ঘোষণার দাবি জানান তিনি।
মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল বেলা ১১টা ১৫ মিনিটের দিকে এ কে রায়ের সভাপতিত্বে বোর্ডের সপ্তম সভা শুরু হয়। তখন সিরাজুল ইসলাম ও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ফজলুল হক উপস্থিত ছিলেন। ১০ মিনিট পর সভায় যোগ দেন মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি কাজী সাইফুদ্দিন আহমেদ। তবে মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল ও নিরপেক্ষ সদস্য মো. কামাল উদ্দিন উপস্থিত হননি।
১৫ মিনিট পর সভা শেষ হলে এ কে রায় সংবাদ বিফ্রিংয়ে বলেন, মালিকপক্ষের সংশোধিত প্রস্তাব না দেওয়ায় মজুরি নিয়ে কোনো আলোচনা হয়নি।
এ প্রসঙ্গে আরশাদ জামাল বলেন, ‘প্রস্তাব নিয়ে সভায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। কিন্তু হরতালের কারণে ফিরে যেতে বাধ্য হই।’ তিনি বলেন, ‘আমরাও নভেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামোর ঘোষণা চাই। এ ক্ষেত্রে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবারের সভায় অবশ্যই প্রস্তাব জমা দেওয়া হবে।’