মালিকপক্ষ মানবে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক শিল্পে নিম্নতম মজুরির প্রস্তাব
তৈরি পোশাক শিল্পে নিম্নতম মজুরির প্রস্তাব

তৈরি পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ডের প্রস্তাবিত পাঁচ হাজার ৩০০ টাকার মজুরি মানতে রাজি মালিকপক্ষ। কিন্তু তার বিপরীতে সরকারের কাছে বেশ কিছু নীতি-সহায়তা ও প্রণোদনা চায় তারা। সে জন্য সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা।
দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে সবুজসংকেত পেলেই প্রস্তাবিত মজুরি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে মালিকপক্ষ। সে জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছে তারা। অবশ্য গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিজিএমইএ নিম্নতম মজুরি বোর্ডের খসড়া মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে।
দাবি করা নীতি-সহায়তা হচ্ছে উৎসে কর হ্রাস। বর্তমানে শূন্য দশমিক ৮০ শতাংশ হারে উৎসে কর দিলেও এখন তা কমিয়ে মালিকপক্ষ দিতে চাইছে মাত্র শূন্য দশমিক ২৫ শতাংশ। এ ছাড়া শুধু পোশাক খাতের জন্য টাকা-ডলারের পৃথক বিনিময় হার নির্ধারণ এবং ইউরোপ, আমেরিকা ও কানাডার বাজারে পোশাক রপ্তানিতে ২ শতাংশ হারে নগদ সহায়তার দাবি করছে মালিকপক্ষ।
এসব দাবির কথা জানাতেই গতকাল সোমবার বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সভাপতি টিপু মুন্সি, আনিসুল হক, আব্দুস সালাম মুর্শেদী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, শ্রমসচিব মিকাইল শিপার প্রমুখ।
বৈঠক শেষে রাজিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ২১ নভেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘শ্রমিক ও মালিকপক্ষ উভয়ের জন্য একটি সুন্দর সিদ্ধান্ত আসবে। মালিকদের কাছ থেকে শুধু নিয়ে যাওয়া নয়, তাঁদেরও তো কিছু দিতে হবে।’
শ্রমমন্ত্রী আরও বলেন, হরতাল ও শ্রম অসন্তোষের কারণে বিশ্বে শ্রমবাজার হাতছাড়া হয়ে যাচ্ছে। ৪২ লাখ শ্রমিক এ খাতে কাজ করেন। তৈরি পোশাক কারখানা বন্ধ হলে শ্রমিকদের অবস্থা শোচনীয় হবে বলেও মন্ত্রী মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকপক্ষ দাবি করেছে পাঁচ হাজার ৩০০ টাকা। আমরা বলেছি, সাড়ে চার হাজার। তার মানে ৮০০ টাকা দেওয়ার মতো সক্ষমতা আমাদের নেই। আর এই সক্ষমতা বৃদ্ধির জন্যই আমরা কয়েকটি দাবির কথা শ্রমমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বলেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা মজুরি দিতে চাই। কিন্তু সে জন্য সরকারকে সহযোগিতা করতে হবে।’
অপর এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘বিদেশি ক্রেতারা সব সময়ই কম মূল্য দিতে চান। বিভিন্নভাবে চাপ দেন। সে জন্য মজুরি ঘোষণার আগেই বিদেশি ক্রেতাদের সঙ্গে বৈঠক করব, তাঁদের সহযোগিতা চাইব।’
নতুন মজুরিকাঠামো বাস্তবায়নে ৫০০ কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বৈঠকে উপস্থিত বিজিএমএর নেতারা। সে জন্য তাঁরা শ্রমমন্ত্রীকে ব্যবসা থেকে প্রস্থান করতে একটি নীতিমালা (এক্সিট পলিসি) করার দাবি জানান। একই সঙ্গে বর্তমান শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর নিয়েও কথা বলেন পোশাকমালিকেরা।
এসব তথ্য জানিয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘২০১০ সালে সরকার চার-পাঁচটি নীতি-সহায়তা দিয়েছিল। সে জন্য তখন সব কারখানায় নতুন মজুরিকাঠামো বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল।’ এবারও যেসব সুবিধা চাওয়া হচ্ছে, তা দেওয়া হলে মজুরিকাঠামো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পাঁচ হাজার ৩০০ টাকার খসড়া মজুরির প্রস্তাব ঘোষণা করে। পরদিন সংবাদ সম্মেলন করে বিজিএমইএ ও বিকেএমইএ আনুষ্ঠানিকভাবে তা প্রত্যাখ্যান করে। এতে আতিকুল ইসলাম নিম্নতম মজুরি সাড়ে চার হাজার টাকা করার দাবি জানান। অন্যথায় দুই সমিতির সদস্যরা কারখানা বন্ধ করে দেবেন—এমন হুমকিও দেন সভাপতি। একই সঙ্গে তিনি বোর্ডে লিখিত আপত্তি জমা দেওয়ার ঘোষণা দেন।
তবে মজুরি বোর্ডে এখন পর্যন্ত লিখিত আপত্তি দেয়নি মালিকপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএর এক নেতা বলেন, আপত্তির খসড়া চূড়ান্ত আছে। তবে দাবি আদায়ে সরকারের মনোভাব কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরপরই তা দেওয়া কিংবা না দেওয়ার সিদ্ধান্ত হবে।
অবশ্য এ বিষয়ে বিজিএমইএর সভাপতির বক্তব্য হচ্ছে, প্রস্তাবিত মজুরি মানতে তাঁরা কোনো শর্ত দিচ্ছেন না। ফলে আগের সিদ্ধান্ত অনুযায়ীই লিখিত আপত্তি দেওয়া হবে। এর সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কোনো সম্পর্ক নেই।
২১ নভেম্বর মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।