তৈরি পোশাকশ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের অষ্টম সভায় চার হাজার ২৫০ টাকার নতুন প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে শ্রমিকপক্ষের প্রতিনিধি তা প্রত্যাখ্যান করেন।
সমঝোতার জন্য বোর্ডের নিরপেক্ষ সদস্য মো. কামাল উদ্দিন পাঁচ হাজার টাকার একটি বিকল্প প্রস্তাব দেন। তখন মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল জানান, তাঁরা সাড়ে চার হাজার টাকা পর্যন্ত মজুরি বৃদ্ধি করতে পারবেন। আর শ্রমিকপক্ষ এই প্রস্তাবে সমর্থন না দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে দু-তিন দিন সময় চায়।
ফলে আড়াই ঘণ্টা আলোচনার পর কোনো সিদ্ধান্ত ছাড়াই গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষ হয়। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান এ কে রায় এসব তথ্য দিয়ে সাংবাদিকদের জানান, আগামী সোমবার বেলা ১১টায় নবম সভা অনুষ্ঠিত হবে। সেদিন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা যথাযথ প্রস্তুতি নিয়ে এলে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে চেয়ারম্যানের সভাপতিত্বে গতকাল বেলা ১১টা ২০ মিনিটে বোর্ডের সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রমিকপক্ষের প্রতিনিধি ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি ও জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক, মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল, মালিক-পক্ষের স্থায়ী প্রতিনিধি এমপ্লয়ার্স ফেডারেশনের উপদেষ্টা সাইফউদ্দিন আহমেদ এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. কামাল উদ্দিন।
বৈঠক সূত্রে জানা গেছে, সভার শুরুতেই আরশাদ জামাল চার হাজার ২৫০ টাকার নিম্নতম মজুরির প্রস্তাব দেন। এর মধ্যে মূল মজুরি দুই হাজার ৫০০, বাড়িভাড়া এক হাজার টাকা (মূল মজুরির ৪০ শতাংশ), চিকিৎসা ভাতা ২৫০ টাকা, খাদ্য ভর্তুকি ৩০০ এবং যাতায়াত ভর্তুকি ২০০ টাকা। সাতটি গ্রেডে বিজিএমইএ একই হারে বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব করে।
প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে শ্রমিক প্রতিনিধি বলেন, বিজিএমইএ মজুরি নিয়ে তামশা শুরু করেছে। গত ২১ অক্টোবর সাড়ে চার হাজারের একটি খসড়া প্রস্তাব নিয়ে এসেছিল তারা। আবার সেটি থেকে সরে এল। খাদ্য ভর্তুকির যে বিষয়টি প্রস্তাবে যুক্ত করেছে, সেটি দেশের কোনো খাতের মজুরি কাঠামোতেই নেই। এ সময় মালিকপক্ষের প্রতিনিধি পাল্টা যুক্তি তুলে ধরেন।
তবে শেষ পর্যন্ত শ্রমিক প্রতিনিধি নিজের আট হাজার ১১৪ টাকা মজুরির সিদ্ধান্তে অটল থাকলে বোর্ডের নিরপেক্ষ প্রতিনিধি উভয় পক্ষের সমঝোতার জন্য পাঁচ হাজার টাকার একটি প্রস্তাব দেন। এতে মূল মজুরি তিন হাজার ২০০, বাড়িভাড়া এক হাজার ২৮০, চিকিৎসা ভাতা ৩২০ ও যাতায়াত ভাতা ২০০ টাকা। প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হলে আরশাদ জামাল জানান, মালিকেরা সর্বোচ্চ সাড়ে চার হাজার টাকা পর্যন্ত উঠতে পারবেন।
সভা শেষে আরশাদ জামাল সাংবাদিকদের বলেন, ‘শ্রমিক প্রতিনিধি খাদ্য ভর্তুকিকে নিম্নতম মজুরির বাইরে রাখতে চান। কিন্তু এটাকে ইস্যু করে পোশাকশিল্পে যেন কোনো অস্থিরতা না হয়, সে জন্য আমরা কোনো অস্পষ্টতা রাখতে চাই না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘শ্রমিকপক্ষ নিজেদের দাবি নিয়ে স্পষ্ট করে বলছে না। এটি দুঃখজনক।’
অপর এক প্রশ্নের জবাবে আরশাদ জামাল বলেন, ‘মজুরি ঘোষণার প্রক্রিয়াকে আমরা অযথা দীর্ঘায়িত করতে চাই না। মজুরি ঘোষণা করা হলে ১ নভেম্বর থেকে তা বাস্তবায়নে আমাদের কোনো আপত্তি নেই। বিজিএমইএর সভাপতি ইতিমধ্যে সেটি বলেছেন।’
এ বিষয়ে সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএর প্রস্তাব খুবই অপ্রতুল। তার চেয়ে নিরপেক্ষ সদস্যের প্রস্তাবটি এক ধাপ ভালো। তবে আরেক ধাপ এগোতে হবে। আর মূল মজুরি অবশ্যই বাড়াতে হবে।’ একই সঙ্গে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে আগামী বৈঠকে অবস্থান পরিষ্কার করবেন বলেও জানান তিনি।
সভা চলাকালে আট হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক অ্যান্ড শিল্প রক্ষা জাতীয় মঞ্চের নেতা-কর্মীরা বোর্ডের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। একই দাবিতে দুপুর পৌনে ১২টার দিকে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম মজুরি বোর্ডের কার্যালয় ঘেরাও করে। তবে পুলিশের বাধার মুখে কেউই প্রধান ফটকের ভেতর প্রবেশ করতে পারেননি।
জানতে চাইলে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, বিজিএমইএর প্রস্তাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর তাদের প্রস্তাবে মূল মজুরি মাত্র ৫০০ টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। শ্রমিকদের ঠকানোর জন্যই কৌশলে খাদ্য ও যাতায়াত ভর্তুকি যুক্ত করেছে তারা। কারণ এটি বাস্তবায়ন করা হলে শ্রমিকেরা ওভারটাইমে টাকা কম পাবেন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র সংবাদ বিজ্ঞপ্তিতে মালিকদের প্রস্তাবকে অযৌক্তিক উল্লেখ করে নিম্নতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানিয়েছে।