মালিকেরা মজুরি বাড়াবে, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৬০০ টাকা বৃদ্ধির পুরোনো প্রস্তাব থেকে অবশেষে সরে আসছে মালিকপক্ষ। সে ক্ষেত্রে মোট প্রস্তাবিত মজুরি তিন হাজার ৬০০ টাকার স্থলে সাড়ে চার হাজার টাকা বা তার বেশি হতে পারে। তবে নতুন প্রস্তাবে মূল মজুরি খুব একটা বৃদ্ধি না করে নিম্নতম মজুরির মধ্যে ‘খাদ্য ও যাতায়াত ভর্তুকি’ হিসেবে যুক্ত করতে যাচ্ছে তারা।
মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল সোমবার বোর্ডের ষষ্ঠ বৈঠকে এমনটাই জানিয়েছেন মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল। নতুন প্রস্তাব দিতে তিনি বোর্ডের কাছ থেকে লিখিতভাবে তিন দিনের সময় চেয়ে নিয়েছেন। এ জন্য কারণ হিসেবে তিনি বলেছেন, বাটেক্সপো আয়োজনে ব্যস্ততা এবং পরে পূজা ও ঈদের ছুটিতে বিজিএমইএর নেতারা ঢাকার বাইরে থাকায় তাঁরা সিদ্ধান্ত নিতে পারেননি।
আগামী রোববার মজুরি বোর্ডের পরবর্তী সভায় বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পাল্টা প্রস্তাব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিজিএমইএর এই পরিচালক। তিনি বলেন, ‘আমরা যথেষ্ট সময় নিচ্ছি। কারণ, যেনতেনভাবে নির্ধারণ করে এক বছরের মধ্যেই আবার শ্রমিক অসন্তোষ হোক, সেটি আমরা চাই না।’
বোর্ডের চেয়ারম্যান এ কে রায়ের সভাপতিত্বে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের বাকি পাঁচ সদস্য। বৈঠক শেষে চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘২৭ অক্টোবর বোর্ডের সপ্তম সভায় বিজিএমইএ চূড়ান্ত পাল্টা প্রস্তাব দেবে। আশা করি, সেদিনই মালিক ও শ্রমিক—উভয় পক্ষসহ বোর্ডের সব সদস্য আলাপ-আলোচনা করে একটি মতৈক্যে পৌঁছানো যাবে।’
এ কে রায় আরও বলেন, ‘আগামী রোববার মতৈক্যে পৌঁছানো গেলে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশ শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে।’ একই সঙ্গে বিজিএমইএর আবেদনের পরিপ্রেক্ষিতে সমিতির সভাপতি আতিকুল ইসলাম ও সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনকে আগামী বৈঠকে উপস্থিত থাকার অনুমতি দেওয়ার কথা জানান তিনি।
বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, ‘২৭ তারিখের বৈঠকই যেন হয় মজুরি বোর্ডের শেষ বৈঠক। সেদিনই খসড়া প্রস্তাব চূড়ান্ত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের দাবি, মধ্য নভেম্বরের মধ্যেই মজুরিকাঠামোর গেজেট প্রকাশ করা হোক; যাতে করে শ্রমিকেরা ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামোতে বেতন-ভাতা পান।’
মালিকপক্ষের ‘কৌশল’
মজুরি বোর্ডের গতকালের দুই ঘণ্টাব্যাপী বৈঠকে মালিকপক্ষের নতুন একটি খসড়া পাল্টা প্রস্তাব নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়। খসড়া প্রস্তাবে আগের তিন হাজার ৬০০ টাকার সঙ্গে খাদ্য ও যাতায়াত ভর্তুকি বাবদ ৭৮০ টাকা যোগ করা হয়। তাতে নিম্নতম মজুরি দাঁড়ায় চার হাজার ৩৮০ টাকা।
বৈঠক সূত্র জানায়, আরশাদ জামাল খসড়া প্রস্তাবটি উত্থাপন করলে বোর্ডের দুই শ্রমিক প্রতিনিধি তীব্র আপত্তি করেন। তাঁরা নিম্নতম মজুরির মধ্যে খাদ্য ও যোগাযোগ ভর্তুকি অন্তর্ভুক্তিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করে মূল মজুরি বৃদ্ধির দাবি জানান।
বৈঠক শেষে আরশাদ জামাল সাংবাদিকদের বলেন, ‘আলাপ-আলোচনা করে তিন বছরের একটি রোডম্যাপ করে আমরা একটি প্রস্তাব দেব। সেখানে খাদ্য ও যাতায়াত ভর্তুকির বিষয়টি থাকবে।’
যোগাযোগ করা হলে মালিকপক্ষের এ সিদ্ধান্তকে ‘অপকৌশল’ বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের মতে, মূল মজুরি না বাড়িয়ে খাদ্য ও যাতায়াতে ভর্তুকি দিলে শ্রমিকেরা অতিরিক্ত কাজ বা ওভারটাইমে টাকা কম পাবেন। অতীতেও মজুরি বোর্ডে একই ধরনের প্রস্তাব দিয়ে শ্রমিকদের বঞ্চিত করার চেষ্টা চালিয়েছিল বিজিএমইএ।
এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘বিজিএমইএর নেতারা কৌশল করে শ্রমিকদের ফাঁকি দিতে চান। বর্তমানে অনেক কারখানাতেই খাবার ও যাতায়াত বাবদ ভাতা দেওয়া হয়। সেটিকেই তাঁরা অনুমোদন করিয়ে নিতে চাইছেন।’ তিনি বলেন, ‘এমনটি হলে শ্রমিকেরা বঞ্চিত হবেন। তাই মালিকপক্ষের এ ধরনের প্রস্তাব আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।’
গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘মালিকপক্ষ সব সময়ই শ্রমিকদের ঠকানোর চিন্তায় থাকে। এটি সে রকমই একটি তৎপরতা।’ তিনি আরও বলেন, ‘মূল মজুরির ওপর ভিত্তি করেই ওভারটাইমের টাকা দেওয়া হয়। শ্রমিকেরা যেহেতু প্রচুর ওভারটাইম করেন, সে জন্যই মালিকেরা কায়দা করে মূল মজুরি কমিয়ে রাখতে চাইছেন।’
অবশ্য শ্রমিকনেতাদের সঙ্গে দ্বিমত পোষণ করে আরশাদ জামাল বলেন, ‘শ্রমিকেরা কিন্তু মোট মজুরির ওপরই ঈদ বোনাস পান।’ তবে ওভারটাইমের ক্ষেত্রে বিষয়টি সত্য স্বীকার করে তিনি বলেন, ‘অনেক কিছু বিবেচনা ও শ্রমিকদের ভবিষ্যৎ চিন্তা করেই এমনটি করা হচ্ছে।’
৪৬৮০ টাকার নতুন প্রস্তাব?
মজুরি বোর্ডের আগামী বৈঠকে মালিকপক্ষ চার হাজার ৬৮০ টাকা প্রস্তাব দেবে। এমনটাই জানিয়েছেন বিজিএমইএর একাধিক নেতা। এর মধ্যে মূল মজুরি, বাড়ি ভাড়া ও চিকিৎসা বাবদ তিন হাজার ৯০০ টাকা এবং খাদ্য ভর্তুকি ৫২০ টাকা ও যাতায়াত ভর্তুকি ২৬০ টাকা।
তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আরশাদ জামাল। তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি। বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের নিয়ে বৈঠক করেই চূড়ান্ত প্রস্তাব দেওয়া হবে।’
সূত্র জানায়, বিজিএমইএ সাড়ে চার হাজার টাকার খসড়া প্রস্তাব গতকালের বৈঠকে উত্থাপন করলে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা বিরোধিতা করেন। এ সময় বোর্ডের একজন সদস্য মালিকপক্ষের প্রতিনিধিকে পাঁচ হাজার টাকার প্রস্তাব নিয়ে আসার পরামর্শ দেন।