মালয়েশিয়া এয়ারলাইনস আগামী এপ্রিল থেকে ঢাকা-কুয়ালালামপুর পথে প্রতিদিন দুবার ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে।এই পথে বিমানভাড়াও ১২ হাজার টাকা কমিয়েছে বিমান সংস্থাটি। ফলে এখন থেকে এই পথে ২৯ হাজার ৭১৮ টাকায় (যাওয়া-আসা) ইকোনমি ক্লাস বা সুলভ শ্রেণীতে ভ্রমণ করা যাবে। তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য।রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল সোমবার এক অনুষ্ঠানে বিমান সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘোষণা দেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া এয়ারলাইনসের বাংলাদেশের জিএসএ ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলের পরিচালক আকবর হোসেন এবং বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের মহাব্যবস্থাপক ওয়ান মোহাম্মদ ইব্রাহিম।কর্মকর্তারা জানান, নতুন ফ্লাইট কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় সকাল নয়টা ৪০ মিনিট ছেড়ে ঢাকায় আসবে। দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবে। পাশাপাশি আগের সময়সূচি অনুযায়ীই রাতে চলবে বর্তমান ফ্লাইটটি।