মালয়েশিয়া থেকে পাম ওয়েল আমদানি করবে সরকার
মালয়েশিয়া থেকে পরিশোধিত পাম ওয়েল আমদানির পরিকল্পনা করছে সরকার। স্থানীয় পরিশোধনকারীদের ওপর নির্ভরশীলতা কমাতে এবং ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এ তেল আমদানি করা হবে। মালয়েশিয়ার স্থানীয় তেল পরিশোধন ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে গতকাল সোমবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার এই উদ্যোগের কথা বলেন। একই সঙ্গে ডাল আমদানির বিষয়েও কথা হয়েছে বলে জানান তিনি। খবর ইউএনবির। টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান বলেন, ‘আমরা মালয়েশিয়ার পরিশোধিত ও অপরিশোধিত দুই ধরনের পাম ওয়েল বাজার ঘুরে দেখেছি। এখানকার পাঁচ-ছয়জন পাম ওয়েল সরবরাহকারীর সঙ্গে কথা বলেছি। আমদানির জন্য এখন আমরা এক মাসের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার পরিকল্পনা করছি।’টিসিবি চলতি বছর ২০ থেকে ৩০ হাজার মেট্রিক টন পাম ওয়েল আমদানির পরিকল্পনা করছে বলে জানান সারোয়ার জাহান।সারোয়ার জাহান আরও বলেন, ‘অন্য দেশ থেকে ওয়েল আমদানি করতে দুই থেকে তিন মাস সময় লেগে যায়। কিন্তু মালয়েশিয়া থেকে আমদানিতে সময় লাগবে মাত্র ২১ দিন।’ তিনি বলেন, পরিশোধিত তেল মালয়েশিয়ায় বোতলজাত করে আমদানি করা হবে। অন্যথায় তেল দেশে আনার পর নিজস্ব ব্যবস্থাপনায় বোতলজাত করা হবে। টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে স্থানীয় তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোই ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ করে। আমাদের এই উদ্যোগ তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, বরং অসাধু ব্যবসায়ীরা সংকট সৃষ্টি করে কৃত্রিমভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের যে ভোগান্তিতে থেকে ফেলেন, তা থেকে ভোক্তাদের মুক্তি দেওয়া।’ বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, টিসিবি পাম ওয়েল ২৫ লিটার বা তার বেশি ওজনের কনটেইনারে তেল আমদানির পরিকল্পনা করছে। রমজান উপলক্ষে টিসিবি ব্যাপক উদ্যোগ নিয়েছে জানিয়ে চেয়ারম্যান সারোয়ার জাহান বলেন, ‘আশা করি, আসন্ন রমজানে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল থাকবে।’