মালয়েশিয়ান এয়ারের সেরা এজেন্ট সম্মাননা পেল ১০টি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরের পাড়ে মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটা কিনাবালু। এই শহরের সৈকত ঘেঁষে গড়ে ওঠা হোটেল সুতেরা হারবার মিলনায়তনে অনুষ্ঠিত হয় মালয়েশিয়ান এয়ারলাইনসের ‘দক্ষিণ এশিয়ার সেরা এজেন্ট সম্মাননা’ বিতরণ। গত ২ নভেম্বরের ওই আয়োজনে বাংলাদেশ থেকে ১০টি এজেন্সি সম্মাননা পায়। অনুষ্ঠানে মালয়েশিয়ান এয়ারলাইনসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন আঞ্চলিক সহসভাপতি আজাহার হামিদ। এরপর বক্তৃতা করেন সাবাহ টুরিজম বোর্ডের চেয়ারম্যান সেরি টেংকু জয়নাল আদলিন। বক্তৃতার পর সম্মাননা বিতরণের পালা। একে একে মঞ্চে এসে ক্রেস্ট নেন মালয়েশিয়া এয়ারলাইনসের ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সেরা বিক্রয় প্রতিনিধিরা। ঢাকার ক্রেস্ট গ্রহণকারীরা হলেন হাজি এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী নির্মল চন্দ্র বৈরাগী, ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড টুরসের স্বত্বাধিকারী এফ আর করিম কাজল, হরাইজন এক্সপ্রেস লিমিটেডের জ্যেষ্ঠ তত্ত্বাবধানকারী মোসাদ্দেক চৌধুরী, পার্টস এভিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিম গাজী, এয়ার কনসার্ন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এইচ বি এম শোয়াব রহমান, ট্রাভেল কেয়ার ট্রাভেল অ্যান্ড টুরের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়ার রহমান, ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড টুরসের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, নাসির এভিয়েশন সার্ভিসেসের ব্যবস্থাপক মো. আনোয়ারুল হক, ইন্টারন্যাশনাল ট্রাভেলের বিক্রয় ব্যবস্থাপক এম মোবাশ্বের হোসাইন এবং গোল্ডএয়ার এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ এ গাফ্ফার।সম্মাননা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান এয়ারলাইনসের মহাব্যবস্থাপক ওয়ান মোহাম্মদ ইব্রাহিম, বিক্রয় ব্যবস্থাপক কবিরুল আনাম খান, সহকারী বিক্রয় ব্যবস্থাপক বিপ্লব চক্রবর্তী, বিক্রয় নির্বাহী গোলাম মোস্তফা।এরপর আগত অতিথিদের নিয়ে দলভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে র‌্যাফল ড্র শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মালয়েশিয়া তাদের স্থানীয় নৃত্যের পাশাপাশি ভারতীয় ঘরানার নৃত্যেরও আয়োজন করে। এয়ারলাইনসের ঢাকার তরুণ কর্মকর্তা গোলাম মোস্তফার নৃত্য সবার নজর কাড়ে।